বগুড়ায় রেলে নাশকতার চেষ্টা, শিবিরকর্মী আটক
বগুড়ায় লালমনিরহাটগামী একটি মেইল ট্রেনে নাশকতার চেষ্টাকালে এক শিবিরকর্মীকে হাতবোমাসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়া রেল স্টেশনের এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আব্দুল বাছেদ বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
বাছেদ শাহসুলতান কলেজের শিবির নেতা নিশ্চিত করেন বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর ও মিডিয়া) গাজিউর রহমান।
তিনি বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে জানান, আটকের সময় বাছেদের কাছ থেকে চারটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
বাছেদকে আটক করা শিক্ষানবিশ উপ-পুলিশ পরিদর্শক খোকন কুন্ডু জানান, সারদা স্টেশান থেকে লালমনিরহাটগামী ‘১৯ আপ’ মেইল ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৫টায় বগুড়া স্টেশনে এসে পৌছে।
এ সময় একটি শপিং ব্যাগসহ এক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়।
তাকে চ্যালেঞ্জ করে ব্যাগে চারটি হাতবোমা পাওয়া গেলে তাকে আটক হয় বলে জানান উপ-পরিদর্শক খোকন।
ওই যুবককে ধরার পরপরই পাশ থেকে ২০/২২ জনের একটি দল এসে ঘিরে ফেলে এবং মারপিট করে ওই যুবককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ ঘটনায় কর্তব্যরত অন্যান্য পুলিশ সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আটক বাছেদকে উদ্ধৃত করে পুলিশ জানায়, ককটেলসহ ব্যাগটি তার এক বড় ভাই তার হাতে দিয়েছিল। পুলিশ তাকে আটক করার পরপরই তাকে রক্ষা করতে ওইসব বড় ভাইয়েরা ছুটে আসে।
গত ২৭ নভেম্বর এবং ৪ জানুয়ারি পরপর দুইবার বগুড়া রেলস্টেশনে অগ্নিসংযোগ ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
এরপর থেকে স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বলে জানান বগুড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার বেলাল হোসেন।
