দিনাজপুরে হিন্দুদের উপর হামলার তদন্তে কমিটি
দিনাজপুর সদর উপজেলার কর্নাই গ্রামে আওয়ামী লীগ সমর্থক ও সংখ্যালঘু পরিবারের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
এছাড়া ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু রায়হানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ে কমিটিকে রিপোর্ট করতে বলা হয়।
কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববারের ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর পক্ষে মনোহর সরকার একটি এবং কার্তিকচন্দ্র রায় একটি মামলা করেন।
এ দুই মামলায় ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো সাতশ জনকে আসামি করা হয়।
এছাড়া ওই গ্রামে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
সোমবার ক্ষতিগ্রস্তদের মাঝে একশ’ পিস কম্বল এবং সাড়ে ৩শ’ কেজি চাল বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা নিজ নিজ বাড়িতে ফিরে গেছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যসহ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণে টিন দেয়া হবে বলেও জেলা প্রশাসক জানান।
ভোটের দিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কার্ণাই গ্রামে হামলাকারীরা ৪/৫টি বাড়ি, ৬/৭টি দোকান জ্বালিয়ে দেয়। এছাড়া শতাধিক বাড়ি, অর্ধশতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে এবং মূল্যবান মালামাল লুট করে।
