রাজশাহীতে ভোটারদের উপর হামলা
রাজশাহীর পবা উপজেলার একটি গ্রামের ভোটারদের উপর বিএনপি-জামায়াত হামলার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যায় পবার পারিলা ইউনিয়নের কৈপুকুরিয়া গ্রামে হামলার এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ওই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আয়েন উদ্দিন।
পবা থানার ওসি আকবর আলী জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ হামলার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান শুরু করা হয়েছে বলেও জানান তিনি।
হামলায় আহতদের মধ্যে শাহাদাত হোসেন (৩৫), কালু (৫০), জমিরুল ইসলাম (৩০), মতিউর রহমান (৩২), তরিকুল ইসলাম (৩০), ওমর আলী (৩৫), বেলাল হোসেন (৩১), আনারুল ইসলাম (৪০), বারিকুল ইসলাম (২৮), আবু বক্কর (৩৭) নুরুন্নাহারকে (৫৫) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দশম সংসদ নির্বাচনে ভোটগ্রহণের পরদিনের এ হামলায় বিএনপি জামায়াতের সংশ্লিষ্টতার কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শী ফজলুল বারী জানান, পবা উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে পাশের তেবাড়িয়া গ্রামের শতাধিক বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা কৈপুকুরিয়া গ্রামে অতর্কিত হামলা চালায়।
প্রথমেই তারা আওয়ামী লীগ কর্মী শাহাদাত হোসেনের ওপর হামলা চালিয়ে তাকে বেধরক মারপিট করে।
এরপর রোববার যারা ভোট দিতে গিয়েছিলেন তাদের খুঁজে বের করে মারপিট করা হয় বলে জানান তিনি। এ সময় পরিবারের সদস্যরা তাদেরকে রক্ষা করতে এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও মারপিট করে বলে অভিযোগ করেন ফজলুল।
ফজলুল বারি বলেন, ভোটের আগের দিন তেবাড়িয়া গ্রামের বিএনপি-জামায়াত নেতারা কৈপুকুরিয়া গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সবাইকে ভোট না দেয়ার জন্য হুমকি দিয়ে আসে।
তারপরও ওই গ্রামের ৪৩০ জন ভোটারের মধ্যে প্রায় ৩০০ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। এতে ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়েছে বলে বারি জানান।
হামলার খবর পেয়ে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য আয়েন উদ্দিন আহতদের দেখতে রামেক হাসপাতালে যান।
তিনি দাবি করেন, নৌকা প্রতীকে ভোট দেয়ায় বিএনপি-জামায়াতের ক্যাডার বাহিনী ওই গ্রামে হামলা চালিয়ে ভোটারদের মারপিট করেছে।
এর আগে ভোট দেয়ায় নির্বাচনের সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার একটি গ্রামে হিন্দু সম্প্রদায়ের শতাধিক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে নির্বাচন বিরোধীরা।
একই দিনে যশোরের অভয়নগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
