রিকুইজিশনের ক্ষতিগ্রস্ত যানবাহনের ক্ষতিপূরণ দাবি
নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে রিকুইজিশনের পর ক্ষতিগ্রস্ত যানবাহনের মালিকরা ক্ষতিপূরণ দাবি করেছেন।
সোমবার ১৬টি যানবাহনের মালিক সহকারী রিটানিং অফিসার ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন।
উপজেলার টেম্পু মালিক সমিতির সভাপতি নাজমুল হুদা টুকু জানান, জাতীয় সংসদ নির্বাচনে গোবিন্দগঞ্জের বিভিন্ন ভোট কেন্দ্রে ব্যালট পেপার ও নির্বাচন উপকরণ বহনের জন্য তাদের বেশকিছু টেম্পু পুলিশ রিকুইজিশন করে।
নির্বাচন কাজে নিয়োজিত থাকাকালে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের দেয়া আগুনে সাতটি টেম্পু আগুনে পুড়ে যায় এবং ভাংচুর করা হয় ৬টি।
তিনি আরো জানান, এসময় তাদের হামলা ও দেয়া আগুনে দগ্ধ হয় টেম্পু চালক দীপ্তি মিয়া এবং মিঠু মিয়া। তারা এখন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পিকআপ ভ্যান মালিক সমিতির সভাপতি শেখ সাদি জানান, তাদের ২টি পিকআপ ভ্যান পুড়ে গেছে এবং ভাংচুর করা হয়েছে ১টি। কিন্তু এসব যানবাহনের ক্ষতিপূরণ দেয়া না হলে মালিকদের পথে বসতে হবে।
ক্ষতিপূরণ চেয়ে দুটি সমিতির পক্ষ থেকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তার কাছে পৃথক আবেদন করা হয়েছে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, এ বিষয়টি জেলা রিটানিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।
