চট্টগ্রামে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে আহত ৩
চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রলীগের সংঘর্ষে কমপক্ষে তিনজন আহত হয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পরদিন সোমবার বিকালে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজারে এ সংঘর্ষ হয়।
আহতরা সবাই শিবিরকর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে শিবিরকর্মীরা প্রেম বাজারে মিছিল করে উস্কানিমূলক স্লোগান দেয়। এসময় ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়।
তবে বাঁশখালী থানার ওসি কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে বাজারে শিবিরকর্মীদের ওপর ছাত্রলীগকর্মীরা হামলা চালায়।”
সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে জানিয়ে তিনি বলেন, “আহতদের নাম জানা যায়নি।”
যুদ্ধাপরাধী দেলওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর উপজেলার বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় জামায়াত-শিবিরকর্মীরা।
এসব ঘটনার জের ধরেই নির্বাচনের পরদিন ‘প্রতিশোধমূলক’ এই ঘটনা ঘটেছে ধারণা করছেন ওসি কামরুল।
১৯৯৬ সাল থেকে টানা তিন সংসদ নির্বাচনে চট্টগ্রামের এ বাঁশখালী আসনে বিএনপি প্রার্থী জাফরুল ইসলাম নির্বাচিত হয়ে আসছিলেন।
বিরোধীদল বিএনপিবিহীন রোববার অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হন।
