২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে কিশোরসহ দুইজন খুন

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় এক মাদ্রাসাছাত্র ও এক মুদি দোকানি খুন হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 03:02 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

রোববার রাতে শহরের রেলওয়ে কলোনীর বটতলা এলাকায় এবং কাজীপুর উপজেলার পাঁচগাছি গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুদি দোকানদার মহির উদ্দিন (৫০) ও মাদ্রাসা ছাত্র শাকিল (১৪)।

সদর থানার এসআই বদিউজ্জামান জানান, রোববার রাতে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান মহির। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই বদিউজ্জামান বলেন, রোববার সকালে শহরের বটতলা এলাকায় দোকানের পাওনা টাকা নিয়ে মহিরের সঙ্গে পাশের পাড়া মিরপুর রেলওয়ে কলোনীর গোলাম হোসেনের কথাকাটাকাটি হয়।

পরে রাত ৯টার দিকে মহিরকে একা পেয়ে কয়েকজন এসে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তার।

ঘটনার পর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে গোলাম হোসেন ও উজ্জ্বল নামে তার এক সহযোগীকে আটক করা হয় বলে এসআই বদিউজ্জামান জানান।

এদিকে সোমবার সকালে কাজীপুর উপজেলার পাঁচগাছি গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে শাকিলের গলা কাটা লাশ উদ্ধার করা হয় বলে কাজীপুর থানার ওসি মতিয়ার রহমান জানান।

নিহত শাকিল পাঁচগাছি গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। তিনি ‘সোনামুখী সিনিয়র মাদ্রাসার’ অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

ওসি জানান, রোববার রাতে দুর্বৃত্তরা শাকিলকে হত্যার পর ওই ক্ষেতে লাশ ফেলে যায়। এ ঘটনায় নিহতের চাচা আব্দুল ওদুদ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন।

তাৎক্ষণিকভাবে খুনের কারণ জানাতে পারেননি ওসি। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।