বিকালে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
জাতীয় সংসদ নির্বাচনে টানা দ্বিতীয় দফায় জয়ী আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের সামনে আসছেন বিকালে।
তার প্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, সোমবার বিকাল ৪টায় গণভবনে দেশি-বিদেশি সাংবাদিকদের ব্রিফিং করবেন প্রধানমন্ত্রী।”
রোববার যে ১৪৭টি আসনে ভোট হয়েছে, তার মধ্যে ১০৪টিতে জয়ের ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৫৩ জনকে নিয়ে দলটির মোট আসন দাঁড়াচ্ছে ২৩১টিতে, যা সরকার গঠনের ন্যূনতম আসনের চেয়ে ৮২টি বেশি।
বিএনপি নেতৃত্বাধীন জোটের বর্জনের মধ্যে ভোটের দিন দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় নিহত হয়েছেন ১৮ জন। এই ভোট বাতিলের দাবিতে দেশব্যাপী লাগাতার অবরোধের পাশাপাশি বুধবার সকাল পর্যন্ত হরতালও দিয়েছে নবম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বিএনপি, যারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল।
নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, রাজনৈতিক সমঝোতা হলে এই সরকার গঠনের পরও সংসদ ভেঙে মধ্যবর্তী নির্বাচন দেয়া হবে।
সেই সমঝোতার সম্ভাবনা নাকচ করে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান রোববার লন্ডনে এক সংবাদ সম্মেলনে বলেন, “এই যে প্রহসনের নির্বাচন গতকাল হয়ে গেছে, প্রহসনের নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসে, এটা নিশ্চিত যে তারা বৈধ সরকার নয়। যে বৈধ না- তার সাথে আলোচনার কি কারণ থাকতে পারে?”
‘চূড়ান্ত’ লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি।
