নারায়ণগঞ্জে কেন্দ্রের সামনে বোমা হামলায় আহত ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চারটি ভোটকেন্দ্রের সামনে হাতবোমা হামলায় তিন জন আহত হয়েছেন।
এসব ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওয়ান) মঈনুর রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে বিএনপি সমর্থকরা টায়ারে আগুন দেয়। এক পর্যায়ে তারা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
প্রায় একই সময় ভরত চন্দ্র উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের সড়কে ২/৩টি হাতবোমা বিস্ফোরণে তিন জন আহত হন। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বরপা হাজী নুরুন উদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনের সড়কেও ৩/৪ টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় বিএনপির সমর্থকরা। এসময় পুলিশ দুই জনকে আটক করে।
এছাড়া কালাদি মাদ্রাসা ভোটকেন্দ্রের সামনের সড়কে দুটি হাতবোমা হামলা করে পালানোর সময় পুলিশ দুইজনকে আটক করেছে বলে জানান তিনি।
সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে জানিয়ে মঈনুর রহমান বলেন, ভোট কেন্দ্রের নিরাপত্তায় সকাল থেকেই ঢাকা-সিলেট মহাসড়ক ও ভোটকেন্দ্রগুলোর আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
