বরিশালে প্রিসাইডিং অফিসার অবরুদ্ধ, ব্যালট ছিনতাই
বরিশালে একটি ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে অবরুদ্ধ করে ব্যালট ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক প্রার্থীর কর্মী সমর্থদের বিরুদ্ধে।
রোববার দুপুরে বাবুগঞ্জ উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু ও ওয়ার্কার্স পার্টির টিপু সুলতান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রিসাইডিং অফিসার মোস্তফা কামাল শাহাদাৎ টেলিফোনে এই প্রতিবেদককে বলেন, “জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়ার কর্মী-সমর্থকরা আকস্মিক কেন্দ্রে ঢুকে একটি কক্ষের ২শ’ ব্যালট পেপার ছিনিয়ে নেয়। অন্যান্য কক্ষ থেকে ব্যালট ছিনিয়ে নিতে চাইলে বাধা দিই।
“আমাকে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এসে উদ্ধার করছে,” বলেন তিনি।
ভোটগ্রহণ অব্যাহত থাকলেও ছিনতাই হওয়া ব্যালট পেপার উদ্ধার সম্ভব হয়নি বলেও জানান তিনি।
এ ব্যাপারে রিটার্নিং অফিসার মো. শহীদুল আলম জানান, ঘটনা শুনে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।
