২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বোমা উদ্ধার, ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

নির্বাচনের সকালে ঢাকার সাভারে হাতবোমাসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া শনিবার রাতেও এক জামায়াত নেতাকে আটক করা হয়।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 02:59 PM

Updated : 22 Aug 2022, 05:27 PM

রোববার সকালে মটরপার্টস ব্যবসায়ী আইয়ুব আলীকে আটটি হাতবোমাসহ গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, সকাল সাড়ে ৮টার দিকে সাভারের আমিনবাজার বাসস্ট্যান্ডের কাছে আইয়ুব এন্ট্রারপ্রাইজ নামের একটি মটরপার্টস বিক্রির দোকানে অভিযান চালিয়ে আটটি শক্তিশালী হাত বোমা উদ্ধার করা হয়।

এ সময়  দোকানের মালিক আইয়ুবকে গ্রেপ্তার করা হয়।

ঢাকার সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউদ্দৌলা রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতা সৃষ্টির জন্যই আইয়ুব আলী তার ব্যবসা প্রতিষ্ঠানে হাত বোমাগুলো রেখেছিলেন।

এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

এর আগে শনিবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিমকে চাঁপাইন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি মোস্তফা জানান, আব্দুর রহিম বিরোধী দলের অবরোধের সময় যানবাহনে ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগে সাভার মডেল থানায় দায়ের করা একাধিক মামলার আসামি।