সীতাকুণ্ডে মুখোশ পরে ভোটকেন্দ্রে হামলা
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কেন্দ্রে মুখোশধারী একদল দুর্বৃত্তের হামলার পর ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
রোববার বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও শহরের কয়েকটি ওয়ার্ড) আসনের মান্দারিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ হামলা হয়। এরপর কেন্দ্রে দায়িত্বরত নির্বাচন কর্মকর্তারা ভোটগ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন।
প্রায় অর্ধশত মুখোশধারী দেশীয় অস্ত্র, শটগান ও বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে কেন্দ্রে হামলা চালায় বলে জানান সেখানে দায়িত্বরত এসআই মোস্তাফিজুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হামলাকারীরা কেন্দ্রের আশপাশে বিপুল সংখ্যক হাতবোমার বিস্ফোরণ ঘটায়। তারা পুলিশের একটি গাড়িতে আগুন দেয়। তবে গাড়িতে পুলিশ না থাকায় কেউ হতাহত হয়নি।
হামলাকারীরা এক পর্যায়ে দোতলা স্কুলের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়।
ঘটনার পর সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কয়েকটি টহল দল কেন্দ্রের আশপাশের গ্রামে তল্লাশি শুরু করেছে। ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।
মান্দারিটোলা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা তিন হাজার ৫৬৯ জন।
প্রিসাইডিং অফিসার মৃণাল কান্তি বণিক বলেন, “কেন্দ্রে মোট ২২ জন কর্মকর্তা ভোটগ্রহণের দায়িত্বে রয়েছেন। তবে নিরাপত্তাজনিত কারণে সেখানে আর কাজ করা সম্ভব নয়।”
সীতাকুণ্ড আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন- আওয়ামী লীগের দিদারুল আলম, জাসদের আ ফ ম মফিজুর রহমান, জেপির (মঞ্জু) হায়দার আলী চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী দিদারুল আলম চৌধুরী।
