হাজী সেলিমের লোকেরা বিশৃঙ্খলা করছে: মহিউদ্দিন
ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হাজী সেলিমের বিরুদ্ধে ‘বিশৃঙ্খলা’ সৃষ্টির অভিযোগ করেছেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিন।
রোববার সকালে ভোট শুরুর কয়েক ঘণ্টা পর সোয়ারিঘাটের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সাংবাদিকদের তিনি বলেন, “কয়েকটি কেন্দ্রে হাজী সেলিমের লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করছে।”
এই ভোটকেন্দ্রটি আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের বাসার কাছে।
মহিউদ্দিনের কিছুক্ষণ পরেই এই কেন্দ্রে ভোট দিতে আসেন হাজী সেলিম।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগ সম্পর্কে সেলিম বলেন, “তিনি সাবেক কেন্দ্রীয় নেতা, আমারও নেতা। গত ৩/৪ দিন ধরেই তিনি আমার বিরুদ্ধে এসব অভিযোগ করছেন। তিনি যদি অন্যায় করেন আমি কিছু বলতে পারি না।”
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
