২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে কেন্দ্র দখলের চেষ্টা, নিহত ২

নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 10:07 AM

Updated : 01 Sep 2026, 05:59 PM

রোববার সকালে ভোটশুরুর দুই ঘণ্টার মাথায় জলঢাকায় একটি কেন্দ্রে এবং ভোররাতে ডিমলা উপজেলার একটি কেন্দ্রে হামলা হলে এ সংঘর্ষ হয়।

জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, জামায়াত-শিবির কর্মীরা সকাল সোয়া ১০টার দিকে উপজেলার কইমারি ইউনিয়নের বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালায়। আইনশৃ্ঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় গুলিতে জামায়াত কর্মী মমতাজউদ্দীন আহমেদ (৫০) নিহত হন।

তার লাশ জামায়াত কর্মীরা নিয়ে গেছে জানিয়ে ওসি মনির বলেন, লাশ উদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে রোববার ভোররাত ৩টার দিকে জামায়াত কর্মীরা ডিমলা উপজেলার খালিশা কাপালি ইউনিয়নের ব্যাপারিতলা আলিম মাদ্রাসা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে গুলিতে জামায়াত কর্মী জাহাঙ্গীর আলম (৩৫) নিহত হন।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাফা মো. আরিফ জানান, রাতে জামায়াত-শিবিরের হামলায় ভোটের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

এদিকে রাতে জামায়াত কর্মীদের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় জলঢাকা উপজেলার কাঠালিয়া ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ভোটগ্রহণ স্থগিত রয়েছে বলে নীলফামারি সদর থানার উপ-পরিদর্শক মো. আসাদ জানিয়েছেন।