২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঢিলেঢালা হরতালে আটক ৩

চট্টগ্রামে ঢিলেঢালাভাবে হচ্ছে চলমান অবরোধের মধ্যে নির্বাচন ঠেকাতে বিরোধী জোটের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 03:39 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শনিবার সকাল থেকে নগরীর কোথাও বিএনপি নেতাকর্মীদের তেমন কোনো উপস্থিতি চোখে পড়েনি।

চট্টগ্রাম রেল স্টেশন থেকে ট্রেন চলাচল দুপুর পর্যন্ত স্বাভাবিক ছিল। দুরপাল্লার বাস ছেড়ে না গেলেও নগরীর ভেতরে প্রায় সব ধরণের যানবাহন কমবেশি চলাচল করতে দেখা গেছে।

অবরোধ-হরতালের আগের কর্মসূচিতে সকাল থেকেই নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয় ঘিরে নেতাকর্মীরা মিছিল-সমাবেশ করতে দেখা গেলেও শনিবার তাদের উপস্থিতি ছিল না।

এবিষয়ে জানতে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের মোবাইলে কল করে তা বন্ধ পাওয়া গেছে।

নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনের আগের দিন হওয়ায় পার্টি অফিসকেন্দ্রিক কোনো কর্মসূচি নেই।

“নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় কর্মসূচি পালন করবেন। স্যারের কোনো কর্মসূচি থাকলে আপনাদের জানানো হবে।”

এদিকে দুপুর সাড়ে ১১টার সময় নগরীর পাঁচলাইশ থানাধীন বিবিরহাট এলাকা থেকে তিন বিএনপিকর্মীকে আটক করেছে পুলিশ।

পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিছিলের জন্য জড়ো হলে তিনজনকে আটক করা হয়।

এছাড়া নগরীর অন্য স্থানে পরিস্থিতি স্বাভাবিক ছিল।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

“বিকাল সাড়ে তিনটা থেকে ভোটকেন্দ্রগুলোতে টহল দেবে পুলিশের দল।”

এদিকে সকালে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকাগামী সুর্বণ এক্সপ্রেস ও চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে।

চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্ণফুলী ও চট্টলা এক্সপ্রেস ট্রেন দুটি ছাড়ার অপেক্ষায় আছে।

মহানগর প্রভাতী ও পাহাড়িকা এখনও স্টেশনে এসে না পৌঁছায় ছাড়া সম্ভব হয়নি বলে জানান তিনি।