২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পুলিশের উপর হামলা, ওসিসহ আহত ৬

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। ঘটনার সময় পুলিশের দুটি মোটরসাইকেলও পুড়িয়ে দেয় হামলাকারীরা ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 10:03 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শুক্রবার বিকেলে নয়াবাজারে এ হামলায় পলাশবাড়ি থানার ওসি নাসির উদ্দিনসহ ছয় পুলিশ সদস্য আহত হন।

এরা হলেন ওসি নাসির উদ্দিন, পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা, উপ-পরিদর্শক বেলাল হোসেন এবং তিন কনস্টেবল সাইদুর রহমান, মিজানুর রহমান ও গোবিন্দ কুমার।

পলাশবাড়ি থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের মধ্যে ওসি নাসির উদ্দিন ও পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফার অবস্থা গুরুতর।

তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

উপ-পরিদর্শক কামরুজ্জামান বলেন, নির্বাচনকে সামনে রেখে ওসির নেতৃত্বে তিনটি মোটরসাইকেল করে ছয়জনের একটি দল বিকেল ৩টায় উপজেলার বরিশাল ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে থানা থেকে বের হন।

তাঁরা বিকেলে নয়াবাজার এলাকায় পৌঁছালে অতর্কিতভাবে বিএনপি-জামায়াতের ৫০/৬০ জন লোক দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে জানান তিনি।