২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে দুই আসনে নির্বাচন, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১০৬

লক্ষ্মীপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চারটির মধ্যে দুটি আসনে ভোট গ্রহণ হবে। বাকি দুটিতে রয়েছেন একক প্রার্থী।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 10:01 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

জেলা নির্বাচন অফিসার মো. সোহেল সামাদ জানান, ভোটের জন্য প্রস্তুত লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) ও ৪ (রামগতি ও কমলনগর ) আসনের ১৯০টি কেন্দ্রের মধ্যে ১০৬টিকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন।

তবে, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

এ আসনের  (রামগঞ্জ)  স্বতন্ত্র এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, নৌকা মার্কার প্রার্থী তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়ালের কর্মীরা তার কর্মীদের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। তার নির্বাচনী সমাবেশে হামলাও অব্যাহত রেখেছে।

এদিকে মহাজোটের প্রার্থী এম এ আউয়াল এ অভিযোগ অস্বীকার করেছেন।

এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কাজী মাহবুবুল আলম জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। অতিরিক্ত নিরাপত্তার কারণে কেন্দ্র দখলের আশঙ্কা নেই। তবে, কোনো ধরনের বিশৃংখলা দেখা দিলে নির্বাচনী আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজাদ উদ্দিন বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ তার নির্বাচনী কর্মীদের মামলা, হামলা ও গ্রেপ্তার করছে। কেন্দ্র দখলের মাধ্যমে তার বিজয় ছিনিয়ে নেয়ার আশঙ্কা রয়েছে।

কমলনগর থানার ওসি মো. হুমায়ুন কবির ও রামগতি থানার ওসি মো. মোক্তার হোসেন পুলিশের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।

বাকি দুই আসনের একক প্রার্থীরা হলেন লক্ষ্মীপুর-২ এ জাতীয় পার্টির মো. নোমান এবং লক্ষ্মীপুর-৩ এ আওয়ামী লীগের এ কে এম শাহজাহান কামাল।