নোয়াখালীতে অবরোধকারীদের মিছিল, সংঘর্ষ
নোয়াখালী শহরে শুক্রবার মিছিল করার সময় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
বিএনপির অভিযোগ, এ সংঘর্ষের আগে ১৮ দলের মিছিলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী গুলিবর্ষণ করেছেন।
তবে, সাংসদ একরামুল করিম চৌধুরীর গুলি ছোঁড়ার ঘটনার কথা পুলিশ এবং তিনি নিজে অস্বীকার করেছেন।
সুধারাম থানার ওসি মোশাররফ হোসেন তরফদার জানান, একরামুল করিম চৌধুরীর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে পুলিশ শটগান থেকে দুই রাইন্ড গুলি ছুঁড়ে মিছিলকারীদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
সংসদ নিজের আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানোর কথা সত্য নয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
মিছিলে অংশ নেয়া নোয়াখালী শহর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সহিদুল ইসলাম কিরণ বলেন, সকাল পৌনে ১০টার দিকে উত্তর সোনাপুর থেকে মিছিল নিয়ে জিরো পয়েন্টে যান তারা। সেখান থেকে মিছিল নিয়ে আবার ফিরে আসার সময় পুলিশ ফাঁড়ির সামনে একরামুল করিম চৌধুরীর গাড়ি পেছন দিক থেকে এসে তাদেরকে অতিক্রম করছিল।
হঠাৎ গাড়ি থেকে নেমে মিছিলকারীদের লক্ষ্য করে গুলি চালান একরাম।
এ সময় দলীয় কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশও বেশ কয়েকরাউন্ড গুলি ছোঁড়ে বলে জানান এই বিএনপি নেতা।
এদিকে একরামুল করিম চৌধুরী বলেন, সকালে কবিরহাট উপজেলার কালামুন্সি এলাকার বাড়ি থেকে নিজ গাড়ি নিয়ে তিনি জেলা শহর মাইজদীর দিকে আসছিলেন।
এ সময় উত্তর সোনাপুরে অবরোধের সমর্থনে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা মিছিল করছিলেন।
এক পর্যায়ে মিছিলকারীরা তার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে তিনি গাড়ি থেকে নেমে আসেন। এরপর টহল পুলিশ এগিয়ে এসে মিছিলকারীদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
নিজের বিরুদ্ধে অবরোধকারীদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগ ভিত্তিহীন দাবি করেন সরকার দলীয় এই সাংসদ।
