পাটগ্রামে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ
লালমনিরহাটে ধবলগুড়ি সীমান্তে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার পর তার লাশ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শুক্রবার ভোরে পাটগ্রামের ধবলগুড়ি সীমান্তে এ ঘটনা বলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রোকনুজ্জামান জানান।
নিহত আব্দুল হক (৪৭) পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি গ্রামের কসর উদ্দিনের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে রোকনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার ভোরে আব্দুল হকসহ কয়েকজন গরু ব্যবসায়ী ধবলগুড়ি সীমান্তের ৮৭৪ মেইন পিলারের কাছে গরু আনতে যান।
“এসময় বিএসএফ সদস্য তাদের ধাওয়া করলে সঙ্গীরা পালাতে সক্ষম হলে আব্দুল হক ধরা পড়েন।
বিএসএফ সদস্যরা আবদুল হককে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিএসএফ তার লাশ নিয়ে যায় বলে বিজিবির এই কর্মকর্তা জানান।
তিনি বলেন, লাশ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেয়া হয়েছে।
