২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর বাড়িতে বোমা নিক্ষেপ

লক্ষ্মীপুর রামগঞ্জে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে থাকা এক আওয়ামী লীগ নেতার বাড়িতে গুলি ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 11:24 AM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বৃহস্পতিবার গভীর রাতে রামগঞ্জ সদর উপজেলার বাদুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

এই হামলার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহানকে দায়ী করেছেন সফিকুল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গভীর রাতে ৭-৮টি মোটরসাইকেলে করে এসে সন্ত্রাসীরা তার বাড়ি লক্ষ্য করে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং পাঁচটি পেট্রোল বোমা নিক্ষেপ করে চলে যায়।

“উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজান কন্ট্রাকটরের ইন্ধনে ভোটারদের আতঙ্কিত করতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সৈকত মাহমুদ শামছু, মামুন কমিশনার, ও ভূইয়া সুমনের নেতৃত্বে এ হামলা হয়।”

এ ব্যাপারে শাহজাহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

রামগঞ্জ থানার ওসি রেজাউল করিম ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সফিকুল ইসলামের বাড়িতে বেশ কয়েকটি আওয়াজ শোনা গেছে। তবে সেটা বোমা বা গুলির আওয়াজ কি না বলতে পারছি না।”

দলীয় মনোনায়ন না পেয়ে ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সফিকুল।

এই আসনে আওয়ামী লীগের সমর্থনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বাংলাদেশ তরিকত ফেডারেশেনের মহাসচিব এম এ আউয়াল। আর লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে আছেন জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুর রহমান মাহমুদ।