নির্বাচন স্থগিতের দাবিতে ১০০১ সাংবাদিকের বিবৃতি
আগামী ৫ জানুয়ারির নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছে বিরোধী দল সমর্থক একদল সাংবাদিক।
১০০১ জন সাংবাদিকের এই বিবৃতিতে সবার কাছে ‘গ্রহণযোগ্য’ একটি নির্বাচনকালীন সরকার ব্যবস্থা খুঁজে বের করার আহ্বানও জানানো হয়েছে।
বিএনপির বর্জনের মধ্যে ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন হচ্ছে। ওই নির্বাচন স্থগিতের দাবিতে আন্দোলন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
বৃহস্পতিবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুল হাই শিকদারের পাঠানো ওই যৌথ বিবৃতিতে বলা হয়, “এই নির্বাচনের মাধ্যমে একটি একদলীয় সরকার কায়েম হবে। একতরফা নির্বাচনের আয়োজন নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে বার বার উদ্বেগ জানানো হয়েছে।
“এরপরও এই নির্বাচন হলে আন্তর্জাতিকভাবে আমাদের অর্থনীতি, বৈদেশিক কর্মসংস্থান, বিদেশি বিনিয়োগ চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যা স্বাধীন একটি দেশের জন্য কোনোভাবেই কাম্য হতে পারে না।”
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন রিয়াজউদ্দিন আহমদ, আবুল আসাদ, আলমগীর মহিউদ্দিন, আমানুল্লাহ কবীর, রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, আবদুল হাই শিকদার, খোন্দকার মনিরুল আলম, সাদেক খান, আল মুজাহিদী, রেজোয়ান সিদ্দিকী, মোবায়েদুর রহমান, আবদুল বাতেন, কে জি মোস্তফা, মাহফুজ উল্লাহ, এম এ আজিজ, এলাহী নেওয়াজ খান, আবদুস শহিদ, বদিউল আলম, মাহমুদ শফিক, কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমদ, ইলিয়াস খান, কামরুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আলম প্রধান, এরশাদ মজুমদার, আবু সালেহ, আবদুল আউয়াল ঠাকুর, আমিরুল ইসলাম কাগজী, কাদের গণি চৌধুরী প্রমুখ।
