২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে উত্তাপের আগেই নির্বাচনী প্রচারণা শেষ

মূল সড়কে প্রার্থীদের অল্প কিছু সাদা-কালো পোস্টার। সারাদিনে দু-একবার মাত্র মাইকিং। হঠাৎ প্রার্থীদের ঝটিকা পথসভা। এভাবেই শেষ দিন পর্যন্ত চলেছে বন্দর নগরী চট্টগ্রাম-৯ নির্বাচনী আসনের প্রচারণা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 09:55 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

নগরীর প্রাণকেন্দ্রের এই আসনে ৫ জানুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চার জন।

চট্টগ্রাম জেলার যে নয়টি আসনে নির্বাচন হচ্ছে তার অধিকাংশতেই প্রার্থীসংখ্যা কোতোয়ালী আসনের চেয়েও কম। প্রচারণায়ও নেই তেমন কোনো উত্তাপ। প্রচারণায় কোথাও কোনো গোলযোগ হয়নি।

সিটি করপোরেশন নির্বাচনেও এর চেয়ে বেশি উত্তাপ ছড়ায় নির্বাচনী প্রচারণা বলে মনে করছেন অনেক ভোটার।

নগরীর প্রার্থীদের মধ্যে নির্বাচনের দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তেমন কোনো উদ্বেগ নেই।

তবে দক্ষিণ চট্টগ্রামের প্রার্থীদের কেউ কেউ উদ্বিগ্ন ভোটের দিন জামায়াত-শিবির নাশকতা করতে পারেন এ আশঙ্কায়।

নগরীতে পথসভাই ভরসা

চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম-৮ আসনে মঈন উদ্দিন খান বাদল এবং চট্টগ্রাম-১০ আসনে ডা. আফসারুল আমীন বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ভোটগ্রহণ হবে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) ও চট্টগ্রাম- ১১ (বন্দর-পতেঙ্গা) আসনে।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বন্দর-পতেঙ্গা আসনে ঘুরে দেখা গেছে আওয়ামী লীগ প্রার্থী সাংসদ এম এ লতিফের পক্ষে মাইকিং ও প্রচারণা চলছে।

কিন্তু জাসদ প্রার্থী জসিম উদ্দিন ও জাতীয় পার্টির কামাল উদ্দিন চৌধুরীর পক্ষে তেমন কোনো প্রচারণা নেই।

পোর্ট কলোনির বাসিন্দা ইকবাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের সাংসদকে আমরা চিনি। কিন্তু অন্য দুই প্রার্থীর পক্ষে কেউ ভোট চাইতেও আসেনি।

উল্টো এ প্রতিবেদকের কাছেই অন্য দুই প্রার্থীর প্রতীক সম্পর্কে জানতে চান ইকবাল।

নগরীর কোতোয়ালী আসনে চার প্রার্থী হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, ওয়াকার্স পার্টির আবু হানিফ, বিএনএফের আরিফ মঈনুদ্দিন এবং ন্যাপের আলী আহমদ নাজির।

এদের মধ্যে জিয়াউদ্দিন বাবলু ও আবু হানিফ নিয়মিত জনসংযোগ করছেন।

বাবলু তার নির্বাচনী এলাকায় গত কয়েকদিনে বেশ কয়েকটি পথসভা করেছেন নগর আওয়ামী লীগ নেতাদের নিয়ে।

তবে ভোটাররা জানান, ভোট চাইতে মানুষের বাড়িঘরে তেমন যাননি প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাবলু।

ওয়ার্কার্স পার্টির প্রার্থী আবু হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পথসভার পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়েছি।”

“অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক চেতনাসম্পন্ন এবং সুখে-দুঃখে যাকে কাছে পাওয়া যাবে এমন একজনকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছি।”

কোতোয়ালী আসনের ভোটার জসিম উদ্দিন বলেন, মাইকিং-পোস্টার আর জনসংযোগ যে কোনো বিচারেই সিটি করপোরেশন নির্বাচনেও এর চেয়ে বেশি প্রচারণা হয়। মাত্র সপ্তাহখানেক হল প্রার্থীরা মাঠে নেমেছে। ভোটারদেরও আগ্রহ কম।

দক্ষিণে উদ্বেগ

নগরীর বাইরে চট্টগ্রাম জেলার আরও সাতটি আসনে ভোট হবে ৫ জানুয়ারি।

এর মধ্যে দক্ষিণ চট্টগ্রামে সাতকানিয়া-লোহাগাড়া (চট্টগ্রাম-১৫) ও বাঁশখালী (চট্টগ্রাম-১৬) আসন দুইটি জামায়াত-শিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত।

গত বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের রায় ঘোষণা শুরু হলে এ তিন উপজেলায় সহিংসতায় জড়িয়ে পড়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

এ দুটি আসনে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটের দিন গোলযোগের আশঙ্কা করছেন। তবে নির্বাচনী প্রচারণা চালাতে তেমন কোনো সমস্যা হয়নি বলে দাবি করেছেন তারা।

চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার দক্ষিণের শেখের খিল, চম্বল ও পুঁইছড়ি এ তিন ইউনিয়ন জামায়াত-শিবিরের ঘাঁটি।

“নির্বাচনী প্রচারণা চালাতে তেমন কোনো সমস্যা হয়নি। তবে এ তিন ইউনিয়ন নিয়ে শঙ্কা থাকছেই। আশা করছি সব শঙ্কা পেরিয়ে  ভোটাররা ভোট দিতে আসবেন।”

পটিয়া (চট্টগ্রাম- ১২) আসনের সংসদ সদস্য শামসুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন স্থানে জোর প্রচারণা চালিয়েছি। এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।”

সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী প্রচারণার শেষ দিনে কয়েকটি স্থানে গণসংযোগ করেছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

গণসংযোগে ব্যস্ত থাকায় তিনি কথা বলতে পারেননি।