দিনাজপুরে যৌথবাহিনীর সাথে সংঘর্ষ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাটে অবরোধকারীদের সাথে যৌথবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে যৌথবাহিনী লাঠিচার্জসহ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করেছে।
স্থানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের ধারণা যৌথবাহিনীর লাটিচার্জ ও রাবার বুলেটের আঘাতে প্রায় অর্ধশত আহত হয়েছে।
এর মধ্যে সুলতান (৫০) ও শামীমকে(২৫) দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের একজনে মাথায় এবং অপর জনের পায়ে আঘাতে চিহ্ন রয়েছে।
বীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে রাশেদুল (৩০) ও আব্দুল কাইয়ুমকে (৫৫) বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক রাজ্জাক।
বীরগঞ্জ থানার ওসি আরমান হোসেন বিডিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচনী দায়িত্ব পালন করতে তিনটি বাসে ঢাকা থেকে শিল্প পুলিশ সদস্যরা পঞ্চগড় যাচ্ছিল।
সন্ধ্যা ৬টায় বাস তিনটি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাটে পৌছলে অবরোধকারীরা তাদের উপর হামলা চালায়।
এর পরপরই বিজিবি ও পুলিশসহ যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ছাত্রভঙ্গ করতে রাবার বুলেট নিক্ষেপ করে।
একই সাথে তারা লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
তবে কত রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে এবং কতজন আহত হয়েছে সে সম্পর্কে ওসি কিছু জানাতে পারেননি।
এলাকায় যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
