২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের আগেই ব্যবস্থা চায় সুপ্রিম কোর্ট বার

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলাকারীদের সনাক্তে তদন্ত শুরু করতে নির্বাচনের দিন পর‌্যন্ত সরকারকে সময় দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্রপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 05:44 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

হামলাকারীদের শাস্তি দাবিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে বৃহস্পতিবার দিনব্যাপী অনশন কর্মসূচি শেষে সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী এই সময়সীমা বেঁধে দেন।

তিনি বলেন, “অন্তরীণ আইনজীবীদের মুক্তি দিতে হবে। আইনজীবীদের ওপর হামলার ন্যক্কারজনক ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত শুরু করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। নয়ত এই সময়ের পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।”

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ডাকে গত ২৯ ডিসেম্বর ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে পুলিশের বাধার পর এক পর্যায়ে সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিএনপি সমর্থক আইনজীবীরা। সরকার সমর্থকরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঢুকে কয়েকজন আইনজীবীকে বেদম পেটায়।

তার প্রতিবাদে বিএনপির নিয়ন্ত্রণে থাকা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ডাকা এই অনশন কর্মসূচিতে সংহতি জানান বিকল্পধারা সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জাসদ (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

এই কর্মসূচিতে বক্তব্যে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, “সরকার প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় থাকার চেষ্টা চলছে। ৫ জানুয়ারি নির্বাচন দেশের গণতন্ত্রের কবর রচিত হবে।

“ভোটাররা ভোট কেন্দ্রে না গেলেও সরকার ডিজিটাল কায়দায় নির্বাচন করবে। তারা ৮০ শতাংশ ভোট গ্রহণ দেখাবে,” বলেন বিএনপি চেয়ারপারসনের এই ‍উপদেষ্টা।

বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী বলেন, “খালেদা জিয়াকে অবরুদ্ধ করে গণতন্ত্রকে শৃঙ্খলিত করার মাধ্যমে এই সরকার বছর শুরু করেছে।”

অনশনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমীন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আব্দুল হাই সিকদার ও সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই কর্মসূচিতে বক্তব্যে আইনজীবী নেতারা বিএনপি নেতা কারাবন্দি মওদুদ আহমেদ, রফিকুল ইসলাম মিয়া, মাহবুবউদ্দিন খোকন, মীর মো. নাছিরউদ্দিন ও রুহুল কবির রিজভীর মুক্তি দাবি করেন।

‘অসুস্থ হলে র‌্যাবকে ডাকবেন’

এইচ এম এরশাদের নাটকীয় অসুস্থতার দিকে ইঙ্গিত করে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বিএনপিপন্থী আইনজীবীদের পরামর্শ দিয়েছেন, অনশনে তারা অসুস্থ হয়ে পড়লে যেন র‌্যাবকে খবর দেন।

ডা. বি চৌধুরী বলেন, “এরশাদ অসুস্থ হওয়ার পর র‌্যাব তাকে হাসপাতালে নিয়ে গেছে। এটা কি র‌্যাবের কাজে মধ্যে পড়ে? আপনারা অসুস্থ হলে র‌্যাবকে ডাকবেন।”

জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদ গত মাসে র‌্যাবের পাহারায় সিএমএইচে ভর্তি হন। তাকে আটক রাখা হয়েছে বলে দলের একাংশের পক্ষ থেকে অভিযোগ করা হলেও আরেক অংশ থেকে তা অস্বীকার করা হয়েছে।

বিরোধী দলবিহীন নির্বাচনে এরশাদকে ‘জোর করে’ নেয়া হয়েছে বলেও বি চৌধুরী দাবি করেন।

আইনজীবীদের ওপর হামলার নিন্দা জানিয়ে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “বর্বরভাবে আইনজীবীদের ওপর হামলা চালানো হয়েছে। সারা দেশের আইনকে যারা রক্ষা করে, তাদের বিরুদ্ধে এই হামলা!”

৫ জানুয়ারির নির্বাচন নিয়ে তিনি বলেন, “১৫৩টি আসনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। জনগণের ভোটের অধিকার অধিকার কেড়ে নিয়ে বাকি আসনগুলোতে নির্বাচন করা হচ্ছে। এ ধরনের ঘটনা আর কখনো ঘটেনি।”

“আমরা এই অন্যায় নির্বাচনকে ঠেকিয়ে রাখতে সরকার ছাড়া সকলে একত্রিত হয়েছি। মানুষকে বঞ্চিত করে এভাবে কোন দেশ চলতে পারে না,” বলেন বি চৌধুরী।

আ স ম রব আইনজীবীদের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, “বৃটিশ আমলে শুনিনি, পাকিস্তান আমলেও আইনজীবীদের ওপর এভাবে হামলার ঘটনা দেখিনি। সুপ্রিম কোর্ট আশা ভরসার শেষ আশ্রয়স্থল। সেখানে এক নারীর ওপর সরকারি গুণ্ডাবাহিনী দিয়ে যেভাবে আক্রমণ করা হয়েছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি।”

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সংহতি জানিয়ে বলেন, “আইনজীবীদের এই কর্মসূচি কোনো দলীয় কর্মসূচি নয়। সুপ্রিম কোর্ট অঙ্গনের পবিত্রতা সকলকে রক্ষা করতে হবে।

“ওই দিন আইনজীবীদের বাইরে যেতে দেয়া হলে এই ধরনের হামলার ঘটনা ঘটত না। কেন এই হামলার ঘটনা ঘটেছে, প্রধান বিচারপতির কাছে দাবি রাখছি, এর তদন্ত হওয়া দরকার। পুলিশের পক্ষ থেকে একটি ব্যাখ্যা দেয়া দরকার।”

আদালত প্রাঙ্গণে হামলা, সংঘাত