২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে হাই কোর্ট সচল চান আইনজীবীরা

বিরোধী দলের কর্মসূচিতে হাই কোর্ট বিভাগের কার‌্যক্রম চালু রাখার দাবি জানিয়েছেন সরকারসমর্থক এক দল আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 05:36 PM

Updated : 22 Aug 2022, 05:26 PM

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে এক মানবন্ধন থেকে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, অন্যায় অবিচারের রিরুদ্ধে আইনগত প্রতিকার পেতে মানুষ উচ্চ আদালতে আসে। বিরোধী দলের সরকারবিরোধী আন্দোলনের দিন উচ্চ আদালতের কার‌্যক্রম না চলার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে।

“এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতেও ভোগান্তি থাকবে। কারণ আদালতে মামলা জট দিন দিন বৃদ্ধি পাচ্ছে।”

আইনজীবী সমিতির সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম বলেন, বিরোধী দল তাদের কর্মসূচিতে আদালত অচল করে দেয়ার কোনো ঘোষণা দেয়নি। আইনজীবী সমিতিরও কোনো কর্মবিরতি নেই। এরপরও হাই কোর্টের বেঞ্চ বসছে না। অথচ এই অবরোধের মধ্যেই আপিল বিভাগ, ট্রাইব্যুনাল ও নিম্ন আদালত বিচারিক কার‌্যক্রম পরিচালনা করছে।

“তাই বর্তমান পরিস্থিতিতে হাই কোর্ট বেঞ্চগুলো না বসার কোনো যুক্তি থাকতে পারে না। অবিলম্বে অবরোধেও হাই কোর্টে বেঞ্চগুলোতে বিচার কার‌্যক্রম পরিচালনায় পদক্ষেপ গ্রহণে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানাচ্ছি।”

অন্যান্যের মধ্যে সমিতির সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন মেহেদী, মামুন মাহবুব ও মোতাহার হোসেন সাজু বক্তব্য রাখেন।

এদিকে সুপ্রিম কোর্টের মর্যাদা, ভাবমূর্তি ও পবিত্রতা সুরক্ষার দাবিতে আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির একাংশ।

ক্ষমতাসীন আওয়ামী লীগসমর্থক এই সমিতির মানববন্ধনে উপস্থিত ছিলেন সুব্রত চৌধুরী, জাহেদুল বারী ও জগলুল হায়দার আফ্রিক।