২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৬ দোকান

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি বাজারে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 03:01 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বুধবার গভীর রাতে উপজেলার ব্রহ্মগাছা বাজারে এ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ থানার ওসি আনিসুর রহমান ও পল্লী বিদ্যুতের ভুঁইয়াগাতী জোনাল অফিসের ডিজিএম নিয়াজউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি আনিসুর রহমান বলেন, রাত ২টার দিকে আগুন লেগে দুটি ওষুধের দোকান, একটি ফার্নিচারের, একটি ইলেক্ট্রনিক্স যন্ত্রাংশেরর দোকানসহ ছয়টি দোকান পুড়ে যায়।

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলেও তিনি জানান।