২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজলি মহল্লার ‘ডাস্টবিনে’ ৪৩ হাতবোমা

রাজধানীর মোহাম্মদপুরে বিজলি মহল্লা থেকে ৪৩টি হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 02:32 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিজলি মহল্লার এফ ব্লকে একটি ডাস্টবিন থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। সেখানে একটি বাজারের ব্যাগের ভেতরে বোমাগুলো ছিল বলে র‌্যাব-২ এর অধিনায়ক কে এম আজাদ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কাচের বোতলে সালফার ও পটাশিয়ামের সঙ্গে পাথরের টুকরো মিলিয়ে তৈরি বোমাগুলো বেশ শক্তিশালী বলে মনে হচ্ছে।”

বোতলগুলোর মধ্যে তিনটি সাদা, ৩৩টি লাল ও সাতটি কালো রংয়ের টেপ দিয়ে মোড়ানো ছিল বলে আজাদ জানান।

জহুরী মহল্লার দোকানদার মতিউর রহমান জানান, সকাল প্রায় ১০টার দিকে একজন টোকাই কাগজ কুড়াতে গিয়ে বোমাগুলো দেখতে পায়।

“সে পাশে দাঁড়ানো একজনকে বিষয়টি জানালে তিনি র‌্যাবকে খবর দেন। পরে র‌্যাব এসে বোমাগুলো উদ্ধার করে।”

বোমা উদ্ধারের খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে আদাবর থানার কাছে রিং রোডে ৬/৭টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।