অবরোধেও রাজধানীতে চলছে গণপরিবহন
নির্বাচন রুখতে বিরোধী দলের অবরোধের দ্বিতীয় দিনেও রাজধানীতে কর্মসূচির সমর্থনে কোনো মিছিল-সমাবেশ চোখে পড়েনি; রাজপথে বেড়েছে গণপরিবহনের সংখ্যা।
বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে।
সকালে পল্টন ও বংশালে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলেও তাতে কেউ হতাহত হননি।
সকাল থেকেই রাজধানীর অভ্যন্তরীণ সব রুটে বাস চলতে দেখা গেছে। চলছে রিকশা, অটোরিকশাসহ সব ধরনের ছোট যান। ব্যক্তিগত গাড়ি নিয়েও বেরিয়েছেন অনেকে। কোথাও কোথাও স্বাভাবিক দিনের মতো যানজটও তৈরি হয়েছে।
গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও রাজধানীর সঙ্গে আশপাশের জেলাগুলোর বাস চলছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার এসআই এমরানুল ইসলাম।
রাজধানীর সঙ্গে বিভিন্ন জেলার লঞ্চ ও ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।
বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক মোহাম্মদ সোলাইমান জানান, সকাল ৯টা পর্যন্ত পাঁচটি লঞ্চ সদরঘাট ছেড়ে গেছে। দক্ষিণের বিভিন্ন জেলা থেকে ঢাকা পৌঁছেছে ৩৪টি লঞ্চ।
আগের দিন বিভিন্ন জেলা থেকে সদরঘাটে এসেছে ৫২টি লঞ্চ। আর সদরঘাট ছেড়ে গেছে ৬৫টি লঞ্চ।
চাঁদপুরগামী ইমাম লঞ্চের এক কর্মচারী বলেন, লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রী কিছুটা কম।
শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) মো. শহীদ জানান, সকাল পৌনে ৮টার দিকে তোপখানা রোডের হোটেল বৈশাখীর সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
বেলা ১১টার দিকে বংশালের সুরিটোলায়ও কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসান জানান, কয়েক জন হঠাৎ গলি থেকে বেরিয়ে তিন থেকে চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এরপর কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
এতে কেউ হতাহত হয়নি। তবে কিছুক্ষণের জন্য ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়।
‘একতরফা’ নির্বাচন ঠেকাতে বুধবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে রাজপথ-রেলপথ-নৌপথে অবরোধ ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলী জোট।
অবরোধের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছে কড়া নিরাপত্তা। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের বাড়ির সামনে গত কয়েকদিন ধরে চলা কড়াকড়িও অব্যাহত রয়েছে।
নির্বাচনকালীন সরকার নিয়ে মতদ্বন্দ্ব থেকে বছরের শেষ ভাগে টানা হরতাল চালানোর মধ্যে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে অবরোধের কর্মসূচিতে আসে বিরোধী জোট।
ডিসেম্বরজুড়ে সহিংস অবরোধে শতাধিক মানুষের প্রাণহানি এবং জনজীবন প্রায় অচল থাকার মধ্যে বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে আটকের পর নির্বাচনের পাঁচ দিন আগে লাগাতার অবরোধের ঘোষণা আসে।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া নির্বাচন প্রতিরোধের আহ্বান জানিয়ে ২৯ ডিসেম্বর ‘ঢাকামুখী অভিযাত্রা’ কর্মসূচি ঘোষণা করেন। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় তিনি বের হতে পারেননি। পুলিশের ব্যাপক তৎপরতায় রাজপথে নামতে পারেনি কর্মীরাও।
