সৈয়দপুর সেনানিবাসে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট
বেকার যুবক ও অপবসরপ্রাপ্ত সৈনিকদের দক্ষ জনশক্তিতে পরিণত করার লক্ষ্যে সৈয়দপুর সেনানিবাসে চালু করা হয়েছে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট।
সৈয়দপুর সেনানিবাসে বুধবার সকাল ১০টায় এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন এবং রংপুর অঞ্চলের জিওসি মেজর জেনারেল মো. সালাহ উদ্দিন মিয়াজী।
এর আগে সেনাসদর, কল্যাণ ও পুনর্বাসন পরিদপ্তরের পৃষ্ঠপোষকতা এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেডের অর্থায়নে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউট প্রথম প্রতিষ্ঠিত হয় গাজীপুরে।
উদ্ধোধনী অনুষ্ঠানে জিওসি মো. সালাহ উদ্দিন মিয়াজী বলেন, গাজীপুরের সাফল্যের ধারাবাহিকতায় এবার উত্তরাঞ্চলের যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করার লক্ষ্যে এই সেনানিবাসে চালু করা হলো এই ট্রেনিং ইনস্টিটিউট।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানে কারিগরী শিক্ষা বোর্ডের আওতায় ড্রাইভিং কাম অটো মেকানিক্স, কম্পিউটার অফিস এপ্লিকেশন, ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন এবং রেফ্রিজারেটর এন্ড এয়ারকন্ডিশনিং-এই চারটি পেশায় ছয় মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হবে।
শুরুতেই এখানে ১১০ জন প্রশিক্ষণার্থী নিবন্ধিত হয়েছেন। ভবিষ্যতে এর পরিধি আরো বিস্তৃত করা হবে বলে জানান তিনি।
সালাহ উদ্দিন মিয়াজী আরো বলেন, উত্তরাঞ্চলের বিপুল জনগোষ্ঠী বেকার ও কর্মহীন আছে। এই ইনস্টিটিউটে প্রশিক্ষণ নেয়ার যে অর্থ প্রয়োজন এদের সেটিও নেই। তাই তিনি এসব বেকার ও কর্মহীন যুবকদের প্রশিক্ষণের সুযোগ দানে এলাকার বিত্তবান ব্যক্তিদেরেএগিয়ে আসার আহ্বান জানান।
উদ্ধোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার এন্ড স্কুলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কবিরুজ্জামান, ২২২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আহমেদ জাকারিয়াসহ উচ্চপদস্থ সামরিক-বেসামরিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।
দেশের উত্তরাঞ্চলের যুব সমাজের সুবিধার্থে সৈয়দপুরে এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠানটি অলাভজনক এবং এখানে প্রশিক্ষনার্থীরা স্বল্প টিউশন ফি’র বিনিময়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।
২০০৯ সালের ১ জুন গাজীপুরে বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি ক্যাম্পাসে ট্রাস্ট ব্যাংকের আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ সেনাবহিনীর পরিচালনায় গড়ে তোলা হয় টিটিটিআই।
