‘খালেদা কার্যত গৃহবন্দি’
খালেদা জিয়ার ‘অবরুদ্ধ’ অবস্থা নিয়ে কয়েকজন মন্ত্রীর বক্তব্যের পর বিএনপি দাবি করেছে তাকে গুলশানের বাসায় ‘কার্যত গৃহবন্দি’ করে রাখা হয়েছে।
বুধবার সন্ধ্যায় গুলশানে নিজের এপার্টমেন্টে এক সংবাদ ব্রিফিংয়ে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান এ কথা বলেন।
অবরোধ কর্মসূচির প্রথম দিনের পরিস্থিতি জানাতে এই সংবাদ ব্রিফিং ডাকা হয়। কেন্দ্রীয় এবং চেয়ারপারসনের কার্যালয় পুলিশ অবরুদ্ধ করে রাখায় নিজের বাসায় এই সংবাদ ব্রিফিং ডাকা হয়েছে বলে বিএনপি পক্ষ থেকে জানানো হয়।
সরকারের দমনপীড়নের কঠোর সমালোচনা করে সেলিমা রহমান বলেন, “বিরোধী দলীয় নেতাকে অন্যায়ভাবে তার গুলশানের বাসভবনে অবরুদ্ধ করে রাখা হয়েছে। জনগণের নেত্রীকে এভাবে অবরুদ্ধ করে রেখে সরকারের ফ্যাসিবাদী রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় স্পষ্ট হয়ে গেছে।”
তথ্যমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী বলেছেন, বিরোধী দলীয় নেতা নিজেই অবরুদ্ধ হয়ে আছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাবেক প্রতিমন্ত্রী বলেন, “মন্ত্রীদের এই বক্তব্য নির্জলা মিথ্যাচার ছাড়া কিছুই নয়। তিনি যদি অবরুদ্ধ না হন, তাহলে কেনো তার বাসভবনের সামনে বালু ভর্তি ট্রাক রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।”
“কেবল তাই নয়, বিরোধী দলীয় নেতার বাসায় নেতা-কর্মীদের যেতে দেয়া হচ্ছে না। কেউ গেলে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।”
বিরোধী দলীয় নেতার এরকম অবরুদ্ধ অবস্থাকে আপনারা গৃহবন্দি বলেন কিনা জানতে চাইলে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, “বিএনপি মনে করে, বিরোধী দলীয় নেতাকে অবরুদ্ধ করে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে। যদি তাই নয়, নেত্রীর সঙ্গে কেনো নেতা-কর্মীদের কেনো দেখা করতে দেয়া হচ্ছে না। কোনো নেতারা সেখানে গেলে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।”
সংবাদ ব্রিফিংয়ে দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও শামীমুর রহমান শামীম উপস্থিত ছিলেন।
