গণমাধ্যমের গাড়িতে বোমা, চালক আহত
বিরোধীজোটের ডাকা লাগাতার অবরোধের প্রথমদিন চট্টগ্রামের কাজীর দেউরীতে সময় টেলিভিশনের মাইক্রোবাস লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করেছে জামায়াত শিবিরের কর্মীরা।
বুধবার সন্ধ্যায় ওই হাত বোমা হামলায় গাড়িতে থাকা চালক আবদুল হাকিম আহত হয়েছেন।
সময় টেলিভিশনের চট্টগ্রাম অফিসের ইনচার্জ কমল দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা পৌনে ৬টার দিকে কাজীর দেউরী এস এস খালেদ রোডের এসএস টাওয়ারে আমাদের কার্যালয়ের সামনে মাইক্রোবাসটি দাঁড়ানো ছিল।”
এসময় জামাত-শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল বের করে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং চট্টগ্রাম অফিসের ব্যবহৃত মাইক্রোবাস লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে।
হাতবোমার আঘাতে গাড়ির ভেতরে থাকা চালক আবদুল হাকিম আহত হন বলে জানান সাংবাদিক কমল দে।
আহত চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন সেলিম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে। তারা ঘটনার সঙ্গে জড়িত কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
