কমে এলো আইনশৃঙ্খলা ব্যয়ও
দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭ আসনে ভোটের জন্য পরিচালনা ও আইন-শৃঙ্খলা ব্যয় বাবদ ২১০ কোটি টাকা বরাদ্দ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ায় নির্বাচনে প্রাক্কলিত ব্যয়ের অর্ধেকের কম খরচ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এরমধ্যে আইন-শৃঙ্খলায় ১৪৪ কোটি টাকা এবং বাকি ৬৬ কোটি টাকা নির্বাচন পরিচালনায় ব্যয় করা হবে।
রোববার ইসির বাজেট শাখা ব্যয় বরাদ্দের চূড়ান্ত মঞ্জুরি দেয়।
কমিশন কর্মকর্তারা জানান, এ পর্যন্ত ২১০ কোটি টাকা বরাদ্দ মঞ্জুর হলেও শেষ পর্যন্ত নির্বাচন পরিচালনা [নতুন ব্যালট ছাপানো] ও আইন শৃঙ্খলায় [কেন্দ্রভিত্তিক নিরাপত্তা বাড়ানো] নতুন চাহিদা এলে এ ব্যয় সর্বোচ্চ ৫-১০ কোটি টাকা বাড়তে পারে।”
প্রাথমিকভাবে নির্বাচন পরিচালনা ও আইন-শৃঙ্খলা মিলিয়ে প্রায় ছয়শ’ কোটি টাকার সম্ভাব্য ব্যয় ধরেছিল ইসি। পরবর্তীতে ১৪৭ আসনে ভোট বিবেচনা করে সংশ্লিষ্টদের কাছে নতুন চাহিদা চাওয়া হয়।
এবার সশস্ত্রবাহিনী ছাড়া কোনো আইন শৃঙ্খলাবাহিনীকে চাহিদা মতো অর্থ দেয়নি নির্বাচন কমিশন।
ইসি সচিবালয়ের বাজেট শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এনামুল হক জানান, ৫ জানুয়ারি ভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, কোস্টগার্ড, বিজিবি, আনসার-ভিডিপি এবার মোট ২৮৮ কোটি ৭২ লাখ ৪২ হাজার ৭০৮ টাকা বরাদ্দ চেয়েছিল।
এরমধ্যে ১৪৪ কোটি ২৯ লাখ ৯৫ হাজার ৪৬৫ টাকা মঞ্জুর করে বরাদ্দ দেয় ইসি।
ইসি কর্মকর্তারা জানান, নির্বাচনে পুলিশ বাহিনীর ১৪৭ কোটি ৭২ লাখ ৩৪ হাজার ২৪৩ টাকা চাহিদার বিপরীতে ৪১ কোটি টাকা, স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে ৩ লাখ টাকার বিপরীতে ১ লাখ টাকা, কোস্টগার্ডের ৬৬ লাখ ১৩ হাজার বিপরীতে ৮ লাখ ১২ হাজার ৫শ’ টাকা বরাদ্দ মঞ্জুর করা হয়েছে।
বিজিবি ১৩ কোটি ৮৯ লাখ ৮৬ হাজার ৩৭৫ টাকা চাইলে বরাদ্দ দেয়া হয় ৪ কোটি ৫৯ লাখ ৬২ হাজার ১২৫ টাকা এবং আনসার-ভিডিপির ৭১ কোটি ৮৭ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা চাহিদার বিপরীতে ৪৪ কোটি ৩৪ লাখ ৪৬ হাজার ১শ’ টাকা বরাদ্দ ছাড় দেয় ইসি।
তবে সশস্ত্রবাহিনী ৫৪ কোটি ২৬ লাখ ৭৪ হাজার ৭৪০ টাকার চাহিদার বিপরীতে সমপরিমাণ অর্থ ছাড় দেয় কমিশন।
নির্বাচন পরিচালনা ব্যয় হিসেবে ৬৬ কোটি টাকা বরাদ্দ মঞ্জুর হয়েছে বলে জানান ইসির বাজেট শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এনামুল হক।
