গাজীপুরে জাপা প্রার্থীর প্রচারণায় বাধার অভিযোগ
প্রতিপক্ষের বিরুদ্ধে প্রচারণায় বাধা সৃষ্টিসহ আচরণবিধি ভঙ্গের নানা অভিযোগ করেছেন গাজীপুর-৪ আসনের জাপা প্রার্থী এম এম আনোয়ার হোসেন।
বুধবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আনোয়ার হোসেনের অভিযোগ, সরকারদলীয় প্রার্থীর সমর্থকরা তাকে, তার নেতাকর্মীদের এবং তাদের পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দিচ্ছে। নির্বাচনী প্রচারের ব্যানার ও ফেস্টুন নষ্ট করছে। গণসংযোগ ও পথসভায় বাধা দিচ্ছে।
“আমি যেখানে পথসভা, গণসংযোগের প্রস্তুতি নিই, সেখানেই তারা প্রার্থীর পক্ষে কর্মসূচি দিয়ে মিছিল মিটিং করে। এতে আমি প্রচারণা চালাতে ব্যর্থ হচ্ছি,” বলেন আনোয়ার।
এ বিষয়ে রিটানিং অফিসার বরাবর অভিযোগের প্রেক্ষিতে গত ২৭ ডিসেম্বর থেকে তাকে তিন জন গানম্যান দেয়া হয়। তারপরও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন তিনি।
সহকারী রিটার্নিং অফিসার ও কাপাসিয়ার ইউএনও মো. আলাউদ্দিন আলী জানান, “তার অভিযোগ সঠিক নয়। আমরা তার নিরাপত্তার জন্য সার্বক্ষণিক পুলিশ দিয়েছি। প্রয়োজনে আরো ফোর্স দেব।”
আচরণবিধি রক্ষার জন্য এলাকায় ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলেও তিনি জানান।
গাজীপুর-৪ আসনে তিন প্রার্থীর মধ্যে অপর দুজন হলেন আওয়ামী লীগ মনোনীত সিমিন হোসেন রিমি এবং নবগঠিত বিএনএফের মোহাম্মদ সারোয়ার কায়নাৎ।
