প্রধানমন্ত্রীর প্রস্তাব বিএনপি মেনে নেবে, আশা আ. লীগের
নির্বাচন হয়ে যাওয়ার পর সংসদ ভেঙে নতুন নির্বাচন দেয়ার প্রধানমন্ত্রীর প্রস্তাব বিরোধীদল মেনে নেবে বলে আশা করছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে বলেন, “দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সংলাপ ও সমঝোতার মাধ্যমে প্রধান বিরোধী দলসহ সকল নিবন্ধিত দল নিয়ে প্রধানমন্ত্রী নতুন অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। আমরা আশাকরি বিরোধী দল প্রধানমন্ত্রীর এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবে।”
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আগামী ৫ জানুয়ারি ভোট বর্জন করে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চালালেও নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অনড় ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বিরোধী দলের সঙ্গে সমঝোতা হলে এই নির্বাচন হয়ে যাওয়ার পর সংসদ ভেঙে নতুন নির্বাচন দেয়ার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিলেও বিএনপি এই নির্বাচনই নির্দলীয় সরকারের অধীনে চায়।
মঙ্গলবার ১৪দলের বৈঠকের পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মোহাম্মদ নাসিম আলোচনা চাইলে ৫ জানুয়ারির নির্বাচনে কোনো ধরনের বাধা না দিতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।
রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, “দুঃখ ও দুর্ভাগ্যের বিষয় নববর্ষের নবযাত্রার শুরুতেই গোটা জাতিকে সর্বানাশা অবরোধ কর্মসূচি দিয়ে আবারো অবরুদ্ধ করে ফেলা হয়েছে। ইতিহাসের এক নজিরবিহীন নিষ্ঠুর সহিংসতা ও নাশকতার কাছে দেশের ১৬ কোটি মানুষ আজ জিম্মি হয়ে পড়েছে।”
তিনি আরো বলেন, “এ সত্য দিবালোকের মতোই স্পষ্ট যে, বাংলাদেশের অসাম্প্রদায়িক রাষ্ট্র কাঠামো রক্ষার তাগিদে আসন্ন ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন ছাড়া আমাদের সামনে বাস্তবসম্মত ও সংবিধান সম্মত কোনো বিকল্প ছিলো না।”
গত সপ্তাহে প্রকাশিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশের দারিদ্র ও বৈষম্য কমে যাওয়া শেখ হাসিনার সরকারের সাফল্য বলেও মন্তব্য করেন কাদের।
তিনি আরো বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণে, দারিদ্র্য মোকাবিলায় ও জঙ্গিবাদকে প্রতিহত ও পরাজিত করার লক্ষ্যে আসুন আমরা একসঙ্গে কাজ করার অভিন্ন ক্ষেত্র খঁজে বের করি।”
