নতুন বছরে শান্তির আশা জয়ের
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়।
রাজনৈতিক অস্থিরতা আর সংঘাতময় একটি বছর পেরোনোর পর নতুন বছর শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
২০১৪ সালের প্রথম দিনের প্রথম প্রহরে ফেইসবুকে এক স্ট্যাটাসে জয় লেখেন, “বিগত বছরটি ছিল প্রচণ্ড অশান্ত ও সংঘাতময়। আশা করি ২০১৪ শান্তিপূর্ণ হবে।”
যুদ্ধাপরাধের বিচার ও নির্বাচন ঘিরে গত এক বছরে রাজনৈতিক সহিংসতায় কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে।
ফাইল ছবি
চলমান রাজনৈতিক সহিংসতা প্রতিহতের ডাক দিয়ে জয় বলেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বছরটি শেষ হয়েছে আরও একটি হৃদয়বিদারক ঘটনার মধ্য দিয়ে। বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা পুড়িয়ে হত্যা করেছে একজন ব্যবসায়ীকে। তাকে দোকানের ভেতরে রেখেই অগ্নিসংযোগ করা হয়েছিল। এই সন্ত্রাস প্রতিহত করতে হবে।”
গত সোমবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি এনামুল হকের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ হয়। এতে পুড়ে মারা যান স্থানীয় এই ব্যবসায়ী নেতা।
