পাঁচদিনে আটক ৮৯৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিরোধী জোটের অবরোধ ও ঢাকামুখী অভিযাত্রার কর্মসূচির মধ্যে দেশব্যাপী ধরপাকড় অব্যাহত রয়েছে।
গত শুক্রবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন জেলা থেকে ৮৯৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এরমধ্যে সোমবার ও মঙ্গলবার ১৩১ জন, রোববার ও সোমবার ৩৯১ জন, শনিবার ও রোববার ১৯৫ জন এবং শুক্রবার ও শনিবার ১৭৯ জনকে আটক করা হয়।
আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে দশম জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন বাতিলের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট অবরোধ, হরতাল ও গণতন্ত্রের জন্য মার্চ কর্মসূচি দেয়।
সোমবার নতুন কর্মসূচি অনিদিষ্টকালের অবরোধ ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিরা জানান:
চট্টগ্রাম
চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে ইউনিয়ন পরিষদ সদস্যসহ বিএনপি-জামায়াতের ৪৮ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। দুটি অস্ত্রও উদ্ধার করা হয়।
এরমধ্যে রয়েছেন লোহাগাড়ায় ৩২ জন, সীতাকুণ্ডে নয় জন, সাতকানিয়ায় চার জন এবং তিনজন।
সংশ্লিষ্ট থানার ওসিগণ এ আটকের খবর নিশ্চিত করেছেন।
অভিযানকালে লোহাগাড়ার কলাউজান এলাকায় দেশে তৈরি দুইটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
নোয়াখালী
নাশকতার পরিকল্পনা ও সহিংসতায় জড়িত অভিযোগে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের ১৫ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে বিএনপির ১১ জন, জামায়াতের ২ ও শিবিরের ২ জন কর্মী রয়েছেন।
পুলিশ সুপার আনিসুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে যৌথবাহিনী বিএনপি ও জামায়াতের নয় জনকে আটক করেছে।
সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মনিরুজ্জামান এ আটকের খবর নিশ্চিত করেন।
লালমনিরহাট
সোমবার রাত থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত লালমনিরহাট সদরে বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সদর থানার এসআই মাহাবুব হাসান জানান, আটক ১২ জনের বিরুদ্ধে মহাসড়কে গাড়ি ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগসহ নাশকতার অভিযোগ রয়েছে।
এদিকে, লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আসাদ আল মাহফুজুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে শহরের আলোরুপা মোড়ে একটি বিক্ষোভ মিছিল থেকে তিন জনকে আটক করা হয়।
মাগুরা
মাগুরা সদর থেকে মঙ্গলবার দুই বিএনপিকর্মীকে আটক করেছে।
সদর থানার ওসি এমএ হাসেম জানান, দুজনের মধ্যে একজনকে গাড়ি ভাঙচুর মামলায় এবং আরেকজনকে নাশকতা সৃষ্টির আশংকায় আটক করা হয়।
চাঁদপুর
হাজীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় ১৫ জনকে আটক করেছে র্যাব ও পুলিশ।
হাজীগঞ্জ থানার ওসি শাহ আলম আটকের খবর নিশ্চিত করেন।
নীলফামারী
সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের উপর হামলা ও চার আওয়ামী লীগ নেতকর্মীসহ পাঁচজনকে হত্যার মামলায় আরেক জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নীলফামারী থানার উপ-পরির্দশক মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাতে টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনার রাত থেকে এপর্যন্ত এই মামলায় ৩৭ জনকে গ্রেপ্তার করা হল।
ফেনী
সোমবার মধ্যরাতে ফেনী সদরের বিভিন্ন এলাকা থেকে ১৯ বিএনপি ও জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়েছে।
ফেনীর সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. সামছুল আলম সরকার জানান, পুলিশ, র্যাব ও বিজিবি যৌথভাবে এ অভিযান চালায়।
ময়মনসিংহ
মঙ্গলবার বিকালে জেলা শহর থেকে ছয় জনকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি গোলাম সরওয়ার বলেন, বিকালে বিএনপি কার্ালয় থেকে ১৮ দলীয় জোটের একটি মিছিল শহরের বিদ্যাময়ী স্কুল হয়ে দলীয় কার্যালয়ে ফিরে যাওয়ার সময় নতুন বাজার পায়রা চত্বরের একটি হাতবোমার বিস্ফোরণ হয়।
এ সময় পুলিশ বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করে।
বেনাপোল
যশোরের শার্শা উপজেলার পুটখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ একাধিক হত্যা মামলারিএক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ওসি কাইউম আলী সরদার জানান, মঙ্গলবার বিকালে ঝিকরগাছার নন্দী ডুমুরিয়া গ্রাম থেকে আলাউদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
