২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলকুচি-চৌহালী আসনে ৫০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের ৫০টি কেন্দ্র ঝুঁকির্পূর্ণ বলে জানিয়েছে প্রশাসন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 07:35 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

পুলিশ সুপার এস এম এমরান হোসেন জানান, এ আসনের ১২১টি ভোট কেন্দ্রের মধ্যে অন্তত ৫০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ কারণে নির্বাচনে ছয়শ পুলিশের নিয়মিত টহল, স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স ছাড়াও র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. বিল্লাল হোসেন বলেন, সেনাবাহিনী এরইমধ্যে চৌহালী উপজেলার ওমরপুর ইউনিয়নে কাজ শুরু করেছে। তাছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে বেশি গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বলয় তৈরি করবে।

সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত আব্দুল মজিদ মন্ডল (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান রতন (দোয়াত-কলম), জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত ডা. আবু বক্কার সিদ্দিক (লাঙ্গল) ও জাতীয় পার্টি (জেপি মঞ্জু) প্রার্থী আবুল হাসনাত গোফরান (বাইসাইকেল)।

এ আসনের মোট ভোটার তিন লাখ তিন হাজার ২৭৭ জন।