২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮টার পর পতেঙ্গা সৈকতে প্রবেশ নিষেধ

ইংরেজি নববর্ষ শুরুর আগের রাতে ৮টার পর চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় কোনো দর্শনার্থীকে অবস্থান করতে দেবে না পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 06:12 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

এছাড়া নগরীর সিমেন্ট ক্রসিংয়ের পর থেকে বিমানবন্দর এলাকায় যানবাহন প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর) মাসুদ-উল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে চট্টগ্রামের রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনাসহ পুরো শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

“সন্ধ্যা ৭টা থেকে সিমেন্ট ক্রসিংয়ের পর বিমান যাত্রী ও স্থানীয়দের বহনকারী যানবাহন ছাড়া অন্য কেউ পতেঙ্গা সমুদ্র সৈকত ও বিমানবন্দর এলাকায় যেতে পারবেন না।”

নগরীরর বড় হোটেল ও রেস্টুরেন্ট ছাড়া অন্য কোনো স্থানে ও খোলা জায়গায় থার্টি ফার্স্ট উদযাপনের অনুমতি দেয়া হয়নি বলেও জানান তিনি।

শহরে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশী টহল এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

বিশৃঙ্খলা এড়াতে পতেঙ্গা সমুদ্র সৈকত ও বিমান বন্দর এলাকার বিভিন্ন স্থানে নিরাপত্তা চৌকি বসানোর পাশাপাশি বিশেষ টহল জোরদার করা হয়েছে বলে জানান বন্দর জোনের উপ-কমিশনার সাইফুল ইসলাম।

এছাড়া আনোয়ারা এলাকার পারকি সমুদ্র সৈকতেও বিকালের পর থেকে যানবাহন ও দর্শনার্থীদের প্রবেশের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা করেছে।

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম নগর পুলিশের ফেইসবুক পেইজেও নগরবাসীর জন্য কিছু নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে- ইংরেজি নববর্ষের আগে মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত নগরীর বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থানে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন এবং অনুষ্ঠানে বাজি, আতশাবাজি ও পটকা ফাটানোও নিষিদ্ধ।

নগরীর ফয়’স লেক, ডিসি হিল, আগ্রাবাদ শিশুপার্ক, কাজীর দেউরী শিশুপার্কসহ বিভিন্ন স্থানে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে যে কোনো অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করারও অনুরোধ জানানো হয়েছে।

নগরীর অভিজাত ক্লাবগুলোতে যাতে কোনো ধরণের বাড়াবাড়ি না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য ক্লাব কর্তৃপক্ষকে নজর রাখার জন্য পরামর্শ দেয়া হয়েছে।