জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন, যাকে ডাকাত বলে দাবি করছে পুলিশ।
মঙ্গলবার পুর্ণগোপীনাথপুর এলাকায় এ ঘটনায় নিহত আরমান একজন চিহ্নিত ডাকাত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় আক্কেলপুর থানার সহকারী উপপরিদর্শক ইসমাইল হোসেন ও কনস্টেবল আব্দুল খালেক আহত হন।
পুলিশ সুপার হামিদুল আলম বলেন, বেলা দুইটার দিকে আরমান ডাকতসহ তার সহযোগীদের ধরতে ওই এলাকায় গেলে তারা অতর্কিত পুলিশের উপর হামলা চালায় এবং এলোপাথাড়ি গুলি ছোড়ে।
“এ সময় সহকারী উপ পরিদর্শক ইসমাইল হোসেনের হাতে গুলি লাগে ও কনস্টেবল আব্দুল খালেক আহত হন। পুলিশ পাল্টা গুলি ছুড়লে গোলাগুলির মধ্যে পড়ে ঘটনাস্থলেই আরমান ডাকাত নিহত হন। তার সহেযোগীরা পালিয়ে যায়।”
আরমানের নামে জেলার বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে বলেও তিনি জানান।
