২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমঝোতার ব্যর্থতায় হতাশ যুক্তরাষ্ট্র

নির্বাচন নিয়ে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়ায় আবারো হতাশা প্রকাশ করে এ ব্যাপারে আরো তৎপর হওয়ার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

রয়টার্স

Published : 31 Dec 2013, 05:27 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

অবশ্য সম্প্রতি রাজনৈতিক সহিংসতা বন্ধে বাংলাদেশ ‘কিছুটা অগ্রগতি’ অর্জন করেছে বলে মনে করছে দেশটি।

সোমবার ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যারি হার্ফ বলেন, “বাংলাদেশে সহিংসতা বন্ধে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো অনেক কিছু করার আছে। বাংলাদেশে এখনই সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র।”

ম্যারি হার্ফ এ সময় গত ২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের দেয়া বিবৃতির কথা স্মরণ করেন, যাতে ৫ জানুয়ারির নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না বলে ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছিল।

বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর সমঝোতার ব্যর্থতায় হতাশা প্রকাশ করে ‘উপযোগী পরিবেশ’ সৃষ্টি হলে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক দল পাঠাতে প্রস্তুত বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছিল।

কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে ‘সেরকম কিছু’ ঘটেনি বলে সোমবারের ব্রিফিংয়ে হতাশা ব্যক্ত করেন ম্যারি হার্ফ।

এই পরিস্থিতিতে গঠনমূলক সংলাপে বসতে রাজনৈতিক দলগুলোকে আগের তুলনায় আরো বেশি তৎপর হতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

ওয়াশিংটন থেকে বাংলাদেশে কয়েক দফা ফোন করার কথা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি মুখপাত্র।

নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির মুখোমুখি অবস্থানের মধ্যে গত ১১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

বিএনপির বর্জনের সত্বেও ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পথে এগোচ্ছে আওয়ামী লীগ।

আর এই নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে নতুন বছরের শুরুর দিন থেকে টানা অবরোধের ডাক দিয়েছে বিরোধী দল বিএনপি।