‘আমলনামা লেখা আছে, একদিন বিচার হবে’
বিরোধী দলের ঢাকা অভিযাত্রাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে আইনজীবীদের ওপর হামলায় জড়িতদের ‘গণতান্ত্রিক’ সরকারের আমলে বিচার করা হবে বলে জানিয়েছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।
সোমবার বার কাউন্সিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব এই কথা বলেন। এসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলীও উপস্থিত ছিলেন।
খন্দকার মাহবুব বলেন, “গতকাল আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম। সুপ্রিম কোর্টে বহিরাগত দিয়ে নির্বিচারে হামলা চালানো হয়েছে। আমরা পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করিনি। এরপরও পুলিশ বহিরাগতদের জন্য আমাদের গেট খুলে দিয়েছে।
“সুপ্রিম কোর্টে বহিরাগতরা ঢুকে ২ ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়েছে। কোনো গণতান্ত্রিক আমলে এটা হতে পারে বলে আমরা বিশ্বাস করি না।”
“যারা গেট খুলে দিয়ে সন্ত্রাসী বাহিনীকে ঢুকতে দিয়েছিল, যারা নির্বিকারভাবে তাদেরকে প্রশ্রয় দিয়েছিল, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।”
সুপ্রিম কোর্টে রোববারের সংঘাতের বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য, সেখানে বিএনপির আইনজীবীদের সঙ্গে বহিরাগতরা ছিল এবং ভেতর থেকেই উস্কানি দেয়া হয়েছিল।
প্রধান বিচারপতির ‘নির্লিপ্ততায়’ নিন্দা
‘বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের’ ওপর হামলার ঘটনায় প্রধান বিচারপতির ‘নির্লিপ্ততায়’ নিন্দা জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, যে সমিতির শীর্ষ পদগুলো বর্তমানে বিএনপি-জামায়াত সমর্থকদের দখলে রয়েছে।
সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ আলী বলেন, “এই হামলার বিষয়ে মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলেও তিনিও কোনো ব্যবস্থা নেননি।”
ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সুপ্রিম কোর্টসহ সারাদেশে কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করেছে সমিতি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি এবিএম ওয়ালীউর রহমান খান, সহসম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান প্রমূখ।
