২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আ. লীগ নেতা খুন, বাড়িঘরে আগুন

সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 06:52 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

সোমবার বিকালে বাঐতারা গ্রামে এ হামলায় নিহত সাইফুল ইসলাম (৪২) সদর উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক এবং ঐ গ্রামের আব্দুল গফুরের ছেলে।

এ ঘটনায় বিক্ষুব্ধ আওয়ামী লীগ সমর্থকরা পাঁচটি বাড়িতে আগুন দিয়েছে। তবে, স্থানীয়রা নিভিয়ে ফেলায় ক্ষয়ক্ষতি তেমন হয়নি।

ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে পুলিশ।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় সয়দাবাদ ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মোমিন জানান, সিরাজগঞ্জের আলোচিত শ্রমিক নেতা নাসির উদ্দিন ও তার শ্যালক টিক্কা খুনের আসামি যমুনার নৌ-দস্যু হিসেবে পরিচিত জবান আলী বিকাল ৫টার দিকে সাইফুল ইসলামকে বাড়ি থেকে ডেকে পাঠায়।

এরপর সাইফুল ইসলাম ছাতিয়ানতলী পুরাতন বাজার এলাকায় পৌঁছলে তাকে কুপিয়ে হত্যা করা হয়। সাইফুলের  স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি-জামায়াতের লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে।

লাশের সূরুতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এলাকায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে জবান আলীর ভাই আবু সামাসহ ২০ জনকে আটক করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা জবান আলী, তার ভাই আবুসামাসহ অন্তত পাঁচ জনের বাড়িতে আগুন দেয়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান বলেন, বিএনপি-জামায়াতের চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বাড়ি থেকে ঢেকে নিয়ে সাইফুল ইসলামকে হত্যা করেছে।

এ ব্যাপারে জেলা বিএনপির যুগ্ন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সদর উপজেলা সাধারণ সম্পাদক অমর কুঞ্জ দাস জানান, তারা ঢাকায় রয়েছেন। হত্যাকাণ্ডে কারা জড়িত সে বিষয়ে তারা নিশ্চিত কিছু জানাতে পারবেন না।