‘শতবর্ষ পূর্তি’ উদযাপনে চট্টগ্রাম চেম্বার
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ‘শতবর্ষ পূর্তি’ উদযাপনসহ এক বছরের কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে।
সোমবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে চেম্বার সভাপতি মাহবুবুল আলম ‘শতবর্ষ পূর্তি’ উদযাপনসহ এক বছরের জন্য ছয় দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেন।
কর্মপরিকল্পনায় আরো রয়েছে চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন, ‘চাকরি করতে চাই না, চাকরি দিতে চাই’ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম অঞ্চলে এক হাজার নারী ও তরুণ উদ্যোক্তা গড়ে তোলা।
আন্তর্জাতিক ব্যবসা সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে ২০১৪ সালের প্রথম দিকে একটি প্রতিনিধি দল নিয়ে আমেরিকা, সৌদি আরব, আরব আমিরাত ও ভারত সফরের পরিকল্পনার কথাও ঘোষণা করেন চেম্বার সভাপতি।
এছাড়া আসছে বছরে বিভিন্ন খাতে প্রয়োজন অনুযায়ী দক্ষ মানব সম্পদ গড়ে তোলা এবং উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান এবং ট্রেড ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা করেছে চট্টগ্রাম চেম্বার।
সভায় চেম্বারের প্রাক্তন সভাপতি এম এ লতিফ,জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. নুরুন নেওয়াজ, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, চেম্বার পরিচালক মাজহারুল ইসলাম চৌধুরী, এম এ মোতালেব, ছৈয়দ ছগীর আহমেদ, একেএম আক্তার হোসেন, অহীদ সিরাজ চৌধুরী স্বপন ও মাহবুবুল হক চৌধুরী বাবর বক্তব্য রাখেন।
