চাঁদপুরে পাউবোর গাড়ি পুড়িয়েছে অবরোধকারীরা
চাঁদপুর সদরে বিরোধী জোটের সমর্থকরা পানি উন্নয়ন বোর্ডের একটি জিপ জ্বালিয়ে দিয়েছে।
চাঁদপুর-কুমিল্লা সড়কের ঘোষেরহাটে রোববার ভোরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বলেন, ভোরে পানি উন্নয়ন বোর্ডের জিপটিতে আগুন দেয়ার পর গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
এছাড়া একই সড়কে বিভিন্ন স্থানে তারা অন্তত ২০টি গাড়ি ভাংচুর করে বলেও এসপি জানান।
জেলার বিভিন্ন স্থানে পিকেটিং করার সময় পুলিশ চার জনকে আটক করেছে।
সকাল থেকে ১৮ দলের নেতা-কর্মীরা চাঁদপুর-কুমিল্লা সড়কের ঘোষেরহাট, মহামায়া, কুমারডুগীসহ বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ করেন।
চাঁদপুর থেকে বাস ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
