২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাড়িমুখী মিছিলে পুলিশের বাধা

গোপালগঞ্জ জেলার নাম বদলে ফেলার হুমকির প্রতিবাদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ঘেরাও করতে মিছিল বের করলেও পুলিশের বাধায় বাংলামোটর থেকে ফিরে যেতে হয়েছে ‘গোপালগঞ্জ সমিতির’ সদস্যদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 04:44 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সমিতির সদস্যরা সোমবার বেলা ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হন। সাড়ে ১২টার দিকে তারা মিছিল নিয়ে গুলশানের দিকে রওনা হলে বাংলামোটরে তাদের আটকে দেয়া হয়।

“আমরা মিছিলকারীদের সেখান থেকেই ফিরিয়ে দিয়েছি।”

এর আগে ঘেরাওয়ের খবরে গুলশানে খালেদা জিয়ার বাসার আশেপাশে নিরাপত্তা বাড়ানো হয় বলে জানিয়েছিলেন গুলশান থানার ওসি রফিকুল ইসলাম।

রোববার পূর্ব ঘোষিত সমাবেশে যোগ দিতে না পেরে গুলশানের বাসায় খালেদা জিয়া সংবাদকর্মীদের সামনে আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

এক নারী পুলিশকে উদ্দেশ্য করে খালেদা জিয়াকে বলতে শোনা যায়, “এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কী বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়, গোপালী? গোপালগঞ্জ জেলার নামই বদলিয়ে যাবে বুঝছেন, গোপালগঞ্জ আর থাকবে না।”

তার ওই বক্তব্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের জেলা গোপালগঞ্জের বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে। স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ব্যবসায়ী, ক্রীড়াবিদ, আইনজীবীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী এবং শ্রমজীবী সংগঠন দফায় দফায় বিক্ষোভ মিছিল করে।