২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছাপাতে হবে’ নতুন ব্যালট

আদালতের নির্দেশে তিনটি আসনে প্রার্থিতা ফিরে পাওয়ায় প্রয়োজনীয়তা দেখা দিয়েছে নতুন করে ব্যালট ছাপানোর। তবে রোববারের আগে এ বিষয়ে চূড়ান্ত করে কিছু বলতে রাজি হয়নি নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

রয়টার্স

Published : 28 Dec 2013, 08:43 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

শনিবার নীলফামারী-১, চট্টগ্রাম-৩ ও কুমিল্লা-৮ আসনের তিন প্রার্থী আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক সাংবাদিকদের জানান, আদালতের নির্দেশনা কমিশনে উপস্থাপন করার পরই এর বিরুদ্ধে আপিল করা হবে নাকি প্রার্থিতা গ্রহণ করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

রোববার কমিশনের সভা অনুষ্ঠিত হবে।

সাধারণত আদালতের নির্দেশে কেউ প্রার্থিতা ফিরে পেলে নতুন করে ব্যালট পেপার ছাপাতে হয়। সেক্ষেত্রে বাতিল পেপার ছাপা খানায় ফিরিয়ে নিয়ে পুড়িয়ে ফেলতে হয়। নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ বলেন, “প্রতি নির্বাচনেই এ ধরনের ঘটনা ঘটে। নবম সংসদে অন্তত ১০টি আসনের প্রায় ২৫ লাখ ব্যালট পোড়াতে হয়েছে, আদালতের নির্দেশে নতুন প্রার্থী যোগ হওয়ায় ওই এলাকার জন্যে নতুন ব্যালটও ছাপতে হয়েছে।”

এবার এই তিন আসনে সাত লাখেরও বেশি ভোটার রয়েছেন। ভোটার অনুপাতে ব্যালট পেপার ছাপানো হয়, সঙ্গে ১ হাজার করে থাকে পোস্টাল ব্যালট।

দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনের মধ্যে ১৫৪ আসনে একক প্রার্থী থাকায় ইতোমধ্যে তারা নির্বাচিত হয়েছেন। বাকি ১৪৬ আসনে ব্যালটে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।