২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৯ জেলায় পৌঁছে গেছে ব্যালট

দেশের ৫৯ জেলায় দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার পাঠানোর কাজ শেষ করেছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2013, 08:20 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

শুক্রবার ও শনিবার ঢাকা থেকে এসব জেলায় ব্যালট পেপার পাঠানো হয় বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন বলেন, “কোনো ধরনের বিঘ্ন ছাড়াই ব্যালট পেপার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে। এছাড়া ঢাকার পার্শ্ববর্তী দুয়েকটি আসনের ব্যালট পেপার শনিবার রাতেই পৌঁছাবে।”

দশম জাতীয় সংসদ নির্বাচনে ইতোমধ্যে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সে হিসাবে বাকি ১৪৬ আসনে ব্যালটে ভোট হবে।

ফরহাদ হোসেন বলেন, “আসন অনুযায়ী সব সামগ্রী প্রস্তুত ছিল। কিন্তু এবার ব্যালট পেপার পাঠাতে অন্যবারের চেয়ে বেশি ঝামেলা হয়েছে। অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায়, সব আসনে ভোটার অনুপাতে প্রয়োজনীয় সামগ্রী ফের সাজাতে হয়েছে।”

৫ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট নেয়ার প্রস্তুতি অবহিত করে রিটার্নিং কর্মকর্তারা ইসি সচিবালয়ে ফ্যাক্সবার্তাও পাঠাচ্ছেন।