২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে মহাসড়কে তল্লাসি, অভিযানে গ্রেপ্তার ২০

বিরোধী দলের ঢাকা অভিযাত্রা কর্মসূচির আগের দিন ঢাকার প্রবেশমুখ সাভার ও ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2013, 03:49 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

নাশকতার আশঙ্কায় থাকা পুলিশ সদস্যরা কাউকে সন্দেহভাজন মনে করলে তাকে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন।

শনিবার সকাল থেকে মহাসড়কে এ তল্লাশির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, বিরোধী দলীয় জোটের ২৯ ডিসেম্বর ঢাকায় ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি সামনে রেখে নাশকতা এড়াতে সাভারের আমিনবাজার, রেডিও কলোনী, হেমায়েতপুর ও সিংগাইর সেতুর কাছে মহাসড়কে তল্লাশি চৌকি বসানো হয়েছে।

যানবাহনে তল্লাশির পাশাপাশি সন্দেহজনক কোনো গাড়ী থাকলে তাও ফিরিয়ে দেয়া হচ্ছে।

এছাড়া সাভারের আশুলিয়া ও ধামরাই থানা পুলিশ শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে।

ওসি মোস্তফা বলেন, নাশকতার পরিকল্পনায় জড়িত সন্দেহে রাতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। পৌরসভা এলাকা থেকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য খোরশেদ আলম, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিল যুবদল নেতা মশিউর রহমান সম্রাটসহ আট জনকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিরোধী দলের অবরোধ ও হরতালে গাড়ী ভাংচুর, অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরনের একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

ধামরাই থানার ওসি আব্দুর রশিদ বলেন, ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পৌর বিএনপির সভাপতি ও ধামরাই পৌরসভার মেয়র দেওয়ান নাজিমুদ্দিন মঞ্জুসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া ইসলামপুর ও কালামপুর বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কে তল্লাশি চৌকি বসিয়ে ঢাকামুখী যানবাহনে সন্দেহজনক কেউ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বলেন, রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও তার জোটসঙ্গী জামায়াতে ইসলামীর ছয় জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও তল্লাশি চৌকি বসানো হয়েছে। এই মহাসড়কের জিরানী বাসস্ট্যান্ড, বাইপাইল, জিরাব ও আশুলিয়া বাজার এলাকায় এবং ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ডে তল্লাসি চৌকি বসানো হয়েছে।