২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ৬১ কর্মী আটক

বিরোধী জোটের ঢাকামুখী অভিযাত্রাকে সামনে রেখে চট্টগ্রামে রাতভর অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৬১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2013, 02:02 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

শুক্রবার রাতে চট্টগ্রাম নগরী ও এর আশপাশের থানাগুলো থেকে তাদের আটক করা হয় বলে সংশ্লিষ্ট থানার দায়িত্বেরত কর্মকর্তারা জানিয়েছেন।

নগর পুলিশের পশ্চিম জোনের অতিরিক্ত উপ-কমিশনার এসএম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আকবর শাহ এলাকা থেকে ১৫ জন, ডবলমুরিংয়ে ৮ জন, পাহাড়তলী থেকে ৩ জন এবং হালিশহর এলাকা থেকে ১০ জনকে ধরা হয়েছে।

কোতোয়ালি এলাকা থেকে ৮ জন জামায়াত-শিবিরকর্মী আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানান।

সীতাকুণ্ড সার্কেলের এএসপি সালাউদ্দিন শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার কুমিরা ও বাড়বকুণ্ড এলাকা থেকে বিএনপি-জামায়াতের ১২ জনকে আটক করা হয়েছে।

লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, রাতভর অভিযান চালিয়ে পাঁচ শিবিরকর্মীকে ধরা হয়েছে।

নির্বাচনকালীন নির্দলীয় সরকার ও দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিতের দাবিতে টানা পাঁচ দফায় অবরোধ কর্মসূচির পর মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ঢাকায় আসার (ঢাকায় অভিযাত্রা) আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

কর্মসূচি ঘোষণার পর থেকেই নাশকতার আশঙ্কায় দেশের বিভিন্ন জেলায় বিএনপি-জামায়াত কর্মীদের ধরপাকড় শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।