২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রতিক সহিংসতা রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাস: মিজান

সাম্প্রতিক সহিংসতা রাজনীতি বা নির্বাচন নয় বরং রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাস বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 09:30 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

শুক্রবার ‘সাম্প্রতিক সময়ে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা’ নিয়ে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, “বাংলাদেশে সম্প্রতি যে সহিংসতা চলছে, তার মূল কারণ রাজনীতি বা নির্বাচন নয়। এটি রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা।”

“যারা এই ধরনের সহিংসতায় অংশ নিচ্ছে, তারা ও তাদের নির্দেশদাতারা কখনোই বাংলাদেশের স্বাধীনতাকে গ্রহণ করেনি। তাই তারা সহিংসতা চালাচ্ছে।”

“তাদের বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থা নেবার পাশাপাশি সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূলের কৌশলও নিতে হবে।”

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে, ওই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন ব্যারিস্টার তানিয়া আমীর।

মূল প্রবন্ধে মুক্তিযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক সহিংতার চিত্র তুলে ধরে হয়।

মূল প্রবন্ধ পাঠের পরে বক্তৃতা দিতে গিয়ে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেন, “বাংলাদেশ রাষ্ট্রের দুটি শত্রু। একটি দুর্নীতি, অপরটি সহিংসতা। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের এই রাষ্ট্রীয় সমস্যা দূর করতে সবাইকে উদ্যোগী হতে হবে।”

“৭১ সালে মানি না, মানবো না-স্লোগান দিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম। এখন মানি, মানতে হবে আর মানাতে হবে-স্লোগানে বিশ্বাসী হয়ে দেশ গড়তে হবে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রোকেয়া কবীর, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এবং চিত্রশিল্পী মুনীরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এরোমা দত্ত।