২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি-জামায়াতের শতাধিক গ্রেপ্তার 

বিরোধী জোটের ঢাকা অভিমুখী অভিযাত্রাকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 09:01 PM

Updated : 23 Aug 2022, 07:33 PM

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত চট্টগ্রাম, চাঁদপুর, গাজীপুর, নোয়াখালী, নীলফামারী, যশোর, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ এবং ব্রাহ্মণবাড়িয়ায় ১০৫ জনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে ‘প্রহসনের ভোট’ আখ্যায়িত করে তা প্রতিহতের জন্য রোববার ঢাকা অভিমুখে পদযাত্রা ও সমাবেশের এই কর্মসূচি দেয় বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট। সবাইকে ছোট ছোট জাতীয় পতাকা হাতে নিয়ে ঢাকায় আসতে বলা হয়।

পাঁচ দফা টানা অবরোধের পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গত মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

চট্টগ্রাম: বৃহস্পতিবার রাতে নগরীর রেল স্টেশন ও সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে নাশকতায় জড়িত সন্দেহে ৩৪ জনকে আটক করা হয়েছে।

কোতোয়ালি থানার এসআই উৎপল বড়ুয়া বলেন, নগরীর রেলস্টেশন এলাকা থেকে ২৪ জনকে আটক করা হয়।

এছাড়াও সীতাকুণ্ডের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয় বলে জানান সীতাকুণ্ড থানার এসআই আব্দুল মোমিন।

চাঁদপুর: বিভিন্ন উপজেলা থেকে বিরোধী জোটের ১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বলেন, আটকরা বিভিন্ন মামলার আসামি।

গাজীপুর: জেলা বিএনপির নেতা ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো. আজাহার ইসলাম মোল্লাহসহ বিএিনপি-জামায়াতের ২২ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার এসআই মাহফুজুর রহমান জানান, নাশকতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে যৌথ অভিযানে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

নোয়াখালী: নাশকতায় জড়িত অভিযোগে বিশেষ অভিযানে বিএনপির পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সুপার আনিসুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

নীলফামারী: সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের কিসমাত চড়াইখোলা বটতলা গ্রামে অভিযান চালিয়ে রাশেদুল ইসলাম ওরফে আহাদ আলী (২৫) নামের এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি ওই গ্রামের শামসুল হকের ছেলে।

নীলফামারী সদর থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা এবং আওয়ামী লীগের চার নেতা কর্মী হত্যার ঘটনায় রাশেদুলকে গ্রেপ্তার করা হয়েছে।

যশোর: শহর জামায়াতের আমির গোলাম রসূলকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের ঝুমঝুমপুর বিডিআর ক্যাম্প এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়।

নারায়ণগঞ্জ: নাশকতায় জড়িত অভিযোগে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওয়ান) মঈনুর রহমান জানান।

ঝিনাইদহ: শুক্রবার জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের কারো কারো বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দান ও পুলিশের উপর হামলা করাসহ নিয়মিত মামলা আছে।

আবার নাশকতা সৃষ্টির আশংকায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান। 

ব্রাহ্মণবাড়ীয়া: অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।